সংবাদদাতা, বারুইপুর: জেলার মধ্যে সর্বাধিক এলাকা রয়েছে বারুইপুর থানার অধীনে। প্রান্তিক এলাকায় অপরাধ হলে পুলিশকে ছুটে আসতে হয় অনেকটা দূর থেকে। কয়েকটি পুলিশ ক্যাম্প আছে ঠিকই, কিন্তু তাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। সূর্যপুরের নাবালিকা খুনের ঘটনাতেও সেই অভিযোগ উঠেছে। তাই বারুইপুর থানা ভেঙে দুটি পৃথক থানা করার জোরালো দাবি উঠেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, উত্তরভাগ থানা করার জন্য আগের সরকারের আমলে জায়গা চিহ্নিত করা হয়ে গিয়েছিল। কিন্তু তিন বছর ধরে এই নিয়ে টালবাহানা চলছে। বিষয়টি আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু সূর্যপুরের ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে নয়া থানা চালুর দাবি করছেন সাধারণ মানুষ। এমনকি বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার এই নয়া থানা গঠন নিয়ে ফের উদ্যোগী হয়েছেন। বারুইপুর থানা ১৯টি পঞ্চায়েত ও একটি পুরসভা নিয়ে গঠিত। বেলেগাছি, হাড়দহ, বৃন্দাখালিতে অপরাধ হলে থানা থেকে পুলিশ যেতে অনেকটা সময় লেগে যায়। সেখানকার মানুষকেও বারুইপুর থানায় এসে অভিযোগ জানাতে নাস্তানাবুদ হতে হয়। তাই বারুইপুর থানা ভেঙে উত্তরভাগ থানা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিগত রাজ্য সরকারের আমলে। কিন্তু সেই কাজ এগয়নি। বারুইপুর পুলিশ জেলায় মঙ্গলবার এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখন তাঁর সঙ্গে দেখা করে এই বিষয়টি দেখার কথা বলেন বারুইপুর পূর্বের বিধায়ক। তিনি বলেন, মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে শুনেছেন। আশা রাখি তিনি দেখবেন। উত্তরভাগ থেকে কাটাখাল যাওয়ার রাস্তায় সেচদপ্তরের সাড়ে তিন বিঘা জমি উত্তরভাগ থানা নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল। সূত্রের খবর, এর জন্য জায়গা পরিদর্শন থেকে শুরু করে কাগজ জমা সবই করা হয়। কিন্তু ওই পর্যন্ত। বারুইপুর পূর্বের চম্পাহাটি, বেগমপুর, সাউথ গড়িয়া, হাড়দহ, রামনগর ১, রামনগর ২, নবগ্রাম এলাকার মানুষ উপকৃত হবেন এই থানা নির্মিত হলে। বারুইপুর পূর্বের এক তৃণমূল নেতা বলেন, উত্তরভাগ থানার জন্য অনেক চেষ্টা হয়েছে। কিন্তু কাজ থেমে গিয়েছে। এক বাসিন্দার কথায়, আমার বাড়ি বেলেগাছিতে। বারুইপুর থানায় যেতে তিন বার অটো পালটাতে হয়। যেতেই ৩০০ টাকা খরচ হয়ে যায়। সন্ধ্যায় অটো মেলেনা। থানা নির্মাণ দরকার। একই কথা বৃন্দাখালি, হাড়দহ এলাকার মানুষদের। তাঁরা বলেন, থানা নির্মাণ হলে শুধু আমরা নই, জয়নগরের ধোসা এলাকার মানুষও উপকৃত হবেন। মুখ্যমন্ত্রীর এই বিষয়ে দেখা উচিত।



