সংবাদদাতা, পতিরাম: ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার অধীনে বালুরঘাট রেল স্টেশনের কাছে তৈরি হচ্ছে সাইলো গোডাউন। যা একটি সংস্থা দেখভাল করে। এই গোডাউনে শনিবার তালা মেরে বিক্ষোভ দেখালেন জমিদাতারা। অভিযোগ, জমিদাতা পরিবারের সদস্যদের ওই গোডাউনে কাজ দেওয়ার কথা থাকলেও এখনও দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে এদিন গোডাউনের ভিতরে থাকা সমস্ত কর্মীকে বের করে দেন স্থানীয় বাসিন্দারা। এরপর গোডাউনের গেটে তালা মেরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোডাউনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার তরফে পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। গোডাউনের ইনচার্জ শুভদীপ দাস বলেন, জমিদাতাদের সঙ্গে চুক্তি হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কনস্ট্রাকশনের কাজ শেষ হলে কাজ দেওয়া হবে। সবাইকে একই কাজ দেওয়া হবে না। যোগ্যতা অনুযায়ী কাজ দেওয়া হবে। কনস্ট্রাকশনের কাজ এখনও শেষ হয়নি। গ্রামবাসীরা ধৈর্য হারিয়ে আগেই কাজ চাইছেন।



