সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে প্রস্তাবিত মেডিকেল কলেজ তৈরির জন্য মঙ্গলবার জমি পরিদর্শন করল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। ১০ সদস্যের পরিদর্শনকারী টিমের নেতৃত্বে ছিলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার অভিরূপ বসু। পাশাপাশি সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক পরিতোষ দাস ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায়ও। নিয়ম অনুসারে মেডিকেল কলেজ হতে হবে জেলা হাসপাতাল থেকে ১০ কিমি দূরত্বের মধ্যে। সেই মতো এদিন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে ১০ কিমি দূরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের টিমটি রত্নেশ্বর ঝিল এলাকার পাশে একটি সরকারি জমি পরিদর্শন করেন। এরপরে টিমের সদস্যরা তপসিখাতা আয়ুস হাসপাতালের জমিও খতিয়ে দেখেন। যদিও তাঁরা কেউই এনিয়ে মুখ খুলতে রাজি হননি। বিধায়ক পরিতোষ দাস অবশ্য বলেন, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের টিমের সদস্যরা মঙ্গলবার মেডিকেল কলেজের জন্য দুটি জমি দেখেছেন। তাঁরা রত্নেশ্বর ঝিলের পাশে একটি সরকারি জমি ছাড়াও আয়ুষ হাসপাতালের জমিও খতিয়ে দেখেন। পাশাপাশি বিধায়ক আরও জানিয়েছেন, আলিপুরদুয়ার রেল জংশনের পাশে দমনপুর পুরানো রেল স্টেশনের পাশে রেলের একটি জমি পড়ে আছে। রেল ছাড়পত্র দিলে সেখানেও মেডিকেল কলেজ তৈরি হতে পারে। সেই জমিটিরও প্রস্তাব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডকে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত মেডিকেল কেলজটি কোথায় গড়ে ওঠে।



