নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেআইনি পার্কিংয়ের রমরমা চলছিল দক্ষিণ দমদম পুরসভা এলাকায়। কোথাও পুরসভা নিজস্ব পার্কিং লট তৈরির প্রয়োজন অনুভব করেনি। পার্কিং নিয়ে বিতর্ক শুরু হতেই নড়েচড়ে বসল পুরসভা। আপাতত নাগেরবাজার থানা এলাকায় সাতটি গাড়ি পার্কিংয়ের জায়গা চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে পুলিস ও পুরসভার আধিকারিকরা যৌথ পরিদর্শন চালিয়েছেন। ওই সমস্ত জায়গা চিহ্নিত করে পার্কিং চালু করার অনুমতি চেয়ে ইতিমধ্যে পূর্ত সহ বিভিন্ন দপ্তরে পুরসভা চিঠি পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দমদমে এতদিন পুরসভার কোনও পার্কিং প্লেস ছিল না। অথচ, নাগেরবাজার ফ্লাইওভার সহ বিভিন্ন জায়গায় রমরম করে চলছিল বেআইনি পার্কিং। অভিযোগ, পুরসভা ও পূর্তদপ্তরের জায়গার উপর এইসব বেআইনি পার্কিংয়ের কারবার থেকে টাকা তুলছিল কিছু কাউন্সিলার ঘনিষ্ঠ নেতা। তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। নিজস্ব আয় বাড়াতে কেন পুরসভা পার্কিং প্লেস তৈরি করছে না, সেই প্রশ্নও ওঠে। এই আবহে শহরে পার্কিংয়ের জন্য পুরসভা মোট সাতটি জায়গা চিহ্নিত করেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রগুরু অ্যাভিনিউ লাগোয়া নাগেরবাজার ফ্লাইওভারের নীচের অংশে ১৭৭ ও ৯৪.৫ বর্গমিটারের দু’টি জায়গা চিহ্নিত করা হয়েছে। নাগেরবাজার ফ্লাইওভার নীচে ক্লাইভ হাউস ও কাজিপাড়া মোড় লাগোয়া এক নামকরা নার্সিংহোমের সামনের অংশে ১৭৮.৫ ও ২৪০ বর্গমিটারের দুটি জায়গা চিহ্নিত হয়েছে। এছাড়া একটি টাইলস ও মার্বেলের দোকানের সামনে ৬৯ বর্গমিটার জায়গা পার্কিংয়ের জন্য স্থির করা হয়েছে। রফি আহমেদ কিদোয়াই রোডে ঢোকার মুখে একটি মলের পাশে এতদিন বেআইনি পার্কিং চালানো হতো। সেখানে শুধুমাত্র বাইক পার্কিংয়ের জন্য ৯৪.৫ বর্গমিটার জায়গা চিহ্নিত করা হয়েছে। শ্যামনগর অটো স্ট্যান্ডে ১৭০ ও ২৩৮ বর্গমিটার জায়গা পার্কিংয়ের জন্য চিহ্নিত করা হয়েছে। নাগেরবাজার ফ্লাইওভারের নীচে বাপুজি কলোনি ও অমরপল্লি কলোনি এলাকায় নতুন পার্কিং প্লেস তৈরি করা হবে। তারজন্য ১৫০ ও ১৫৭.৫ বর্গ মিটার জায়গা চিহ্নিত করা হয়েছে। এছাড়া সেন্ট্রাল জেল মোড় লাগোয়া এক বন্ধ সিনেমা হলের পাশে ১১৫.৬ বর্গমিটার জায়গাও চিহ্নিত করা হয়েছে। তবে দমদম রোড, ভিআইপি রোড সহ শহরের বিভিন্ন জায়গায় আরও পার্কিং প্লেস তৈরির সুযোগ রয়েছে।
পুরসভার সিআইসি সঞ্জয় দাস বলেন, পার্কিং লট তৈরির জন্য নতুন সাতটি জায়গা চিহ্নিত করা হয়েছে। ওই জায়গাগুলি যেসব দপ্তরের অধিনে রয়েছে তাদের চিঠি করে পার্কিং প্লেস তৈরির জন্য অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া দমদম থানা এলাকাতেও নতুন পার্কিং প্লেস তৈরির জন্য পুলিসের সঙ্গে বৈঠক করা হবে।