দীর্ঘদিনের জমি বিবাদ, গ্রামবাসীর  মারে মৃত প্রাক্তন বিজেপি বিধায়ক
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: জমি বিবাদের জেরে রাজস্থানে খুন হলেন প্রাক্তন বিজেপি বিধায়ক আতর সিং ভাদানা। রবিবার সন্ধ্যায় তাঁর উপর চড়াও হয় ৭০ থেকে ৮০ জন উত্তেজিত গ্রামবাসী। লাঠি এবং পাথর দিয়ে পেটানো হয় প্রাক্তন বিধায়ককে। পরে কয়েকজন তাঁকে উদ্ধার করে ওয়ারের একটি হাসপাতালে ভরতি করে। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় রবিবার রাতে আতর সিংকে নিয়ে যাওয়া হয় জয়পুরের সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রবিবার প্রাক্তন বিজেপি বিধায়কের সঙ্গেই আক্রান্ত হয়েছিলেন তাঁর সহকারী গগন শর্মাও। ভরতপুরের একটি হাসপাতালে গগনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, আতর সিং ভাদানার পরিবারের পক্ষ থেকে ৩৫ থেকে ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ১২ জনকে হেপাজতেও নিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে চারণভূমি দখল করে বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ ছিল। স্থানীয়দের বিক্ষোভের জেরে তা বছর খানেক বন্ধ রয়েছে। ভাদানা আবার সেই খাদান খোলার চেষ্টা করছিলেন। সেই খবর রটতেই গ্রামবাসীরা আবার পাথর খাদানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত পনেরো দিন ধরে সেই বিক্ষোভ চলছে। রবিবার সন্ধ্যায় ভাদানা ঘটনাস্থলে এসে বিক্ষোভ হঠানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই তাঁর উপর চড়াও উত্তেজিত গ্রামবাসীরা।

Advertisement