নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: নদীবাঁধ উপচে নোনা জলে ঢুকে প্লাবিত হয়ে গেল পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বৃহস্পতিবার জোয়ারের সময় হঠাৎই গ্রামের পূর্ব -পশ্চিমের ১২০০ মিটার বেহাল নদী বাঁধ থেকে নোনা জল ঢুকে পড়ে। এই ঘটনার জেরে প্রায় ৩০০ বিঘা কৃষিজমি প্লাবিত হয়েছে। এছাড়াও প্রায় ৫০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। নোনা জল ঢুকে ধানের বীজতলা ও পুকুরের মাছ নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এমনকী গ্রামের একটি নলকূপ নোনা জলে ডুবে গিয়েছে। ফলে এই মুহূর্তে ওই গ্রামে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওখানে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। পানীয় জল সহ অন্যান্য বিষয়ে গ্রামবাসীদের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে। এদিকে, গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের সারসা নদীবাঁধে ধস নেমে আতঙ্ক ছড়াল। প্রায় ৩০০ ফুট জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকার মানুষজনদের নজরে পড়তেই খবর দেওয়া হয় মহকুমা সেচ বিভাগকে। তড়িঘড়ি তাদের কর্মীরা এসে নদীবাঁধ মেরামতিতে হাত লাগান। জেসিবি দিয়ে মাটি ফেলে সেই জায়গায় প্রলেপ দেওয়া হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। সূত্রের খবর, অমাবস্যার কটালের জেরে নদীর জলোচ্ছ্বাসে মাটি ধুয়ে যায়। তার জেরেই এই ধস।-নিজস্ব চিত্র



