Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাটতে চলেছে জমিজট, মুড়িগঙ্গা সেতুর দু’পাড়ে অ্যাপ্রোচ রোডের জন্য বাজেট বরাদ্দ ১০০ কোটি

মুড়িগঙ্গা সেতুর জন্য অ্যাপ্রোচ রোড তৈরিতে ১০০ কোটি টাকা বরাদ্দ। জমি কেনার কাজ ৯০% শেষ, বাকি ১০% নিয়ে সমস্যা। বিস্তারিত পড়ুন।

কাটতে চলেছে জমিজট, মুড়িগঙ্গা সেতুর দু’পাড়ে অ্যাপ্রোচ রোডের জন্য বাজেট বরাদ্দ ১০০ কোটি
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: সরাসরি সড়কপথে গঙ্গাসাগরে যাওয়ার জন্য মুড়িগঙ্গা নদীর উপর তৈরি করা হচ্ছে সেতু। প্রাথমিক পর্যায়ে হলেও সেই কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। আপাতত নদীর উপরে একটা অস্থায়ী সেতু বানানো হচ্ছে। তার উপর দিয়ে গাড়ি ও মেশিন নিয়ে গিয়ে নদীর মাঝে পিলার তৈরির কাজ শুরু হবে। সেতুতে ওঠা ও নামার জন্য কাকদ্বীপের ৮ নম্বর লট ও সাগরের কচুবেড়িয়ায় অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে। ইতিমধ্যেই এই রাস্তা তৈরির জন্য দু’পাড়ে প্রায় ৯০ শতাংশ জমি কেনার কাজ শেষ হয়ে গিয়েছে। তবে কচুবেড়িয়ায় এখনও একজন ও ৮ নম্বর লটে দশজন মালিকের কাছ থেকে জমি কেনার কাজ বাকি। এই জমি কেনা হয়ে গেলেই সেতুর জন্য অ্যাপ্রোচ রোড তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। রাজ্য বাজেটে এর জন্য অতিরিক্ত ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি মূল্য অনুযায়ী ৯০ শতাংশ জমি ক্রয় করা হয়েছে। বাকি ১০ শতাংশ জমির মালিক সরকারি দরে জমি বিক্রি করতে রাজি নন। তাঁরা আরও দাম চাইছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই জমির দর পুনর্মূল্যায়নের জন্য প্রশাসনিক দপ্তরে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। নতুন দাম নির্ধারণ হলে আশা করা যায়, অ্যাপ্রোচ রোডের জন্য প্রয়োজনীয় জমি পেতে আর কোনো অসুবিধা হবে না।

Advertisement

এ বিষয়ে কাকদ্বীপের মহকুমা শাসক নিশীথ ভাস্কর পাল বলেন, ‘অ্যাপ্রোচ রোডের জন্য ৯০ শতাংশ জমি কিনে নেওয়া হয়েছে। বাকি জমির দরদাম নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সেটি পুনর্মূল্যায়নের জন্য পাঠানো হয়েছে। ওই 
জমি কিনে নেওয়া হলে সেতুর দু’প্রান্তে অ্যাপ্রোচ রোড তৈরি করতে আর কোনো সমস্যা থাকবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ