Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

খেতাবি লড়াইয়ের আগে হুংকার লামিনে ইয়ামালের

বিশ্বকাপ ফাইনালে মেসির বিরুদ্ধে লামিনে ইয়ামালের হুংকার। তরুণ ফুটবলারের চোট নিয়ে উদ্বেগ, তবে তিনি প্রথম একাদশে থাকবেন। বিস্তারিত পড়ুন।

খেতাবি লড়াইয়ের আগে হুংকার লামিনে ইয়ামালের
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ জার্সি: রোকাফোন্দা— স্পেনের মাতারোর এক গরিব এলাকা। বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নীচে।  সেখানের রাস্তাতেই বল পায়ে বড়ো হয়েছেন লামিনে ইয়ামাল। বাবা রাস্তা থেকে টুকিটাকি কুড়িয়ে সংসার চালাতেন। অভাবের সেই শৈশব থেকে উঠে আসা ছেলেটাই রবিবার বিশ্বকাপ ফাইনালে স্পেনের অন্যতম ভরসা। 

Advertisement

নিউ জার্সি স্টেডিয়ামে ইয়ামাল বনাম মেসি দ্বৈরথের পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে। যে মানুষটাকে অনুপ্রেরণা করে ফুটবলার হয়েছেন লামিনে, বিশ্বকাপ ফাইনালে সেই মেসিই তাঁর প্রতিদ্বন্দ্বী! মাঠে নামতে তর সইছে না ১৯ বছরের তারকার। তিনি বলছিলেন, ‘এটাই তো চেয়েছিলাম। ফাইনালে মেসির বিরুদ্ধে লড়াই দারুণ হবে।’ অবশ্য তরুণ তুর্কি হুংকার দিতেও ছাড়েননি। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা, ‘নুয়েবায়ল বামোস পোর তি।’ বাংলায় যার অর্থ, ‘আমরা আসছি তোমাদের জন্য।’ অর্থাত্, মেসির বিরুদ্ধে শ্রদ্ধা আছে ঠিকই। কিন্তু ভয় নেই এতটুকুও।
সেমি-ফাইনালের আগেও তো এমবাপেদের হুংকার দিয়েছিলেন লামিনে। ‘ফ্রান্সের আমাদের ভয় পাওয়া উচিত।’ আর মাঠের লড়াইয়ে ভয় পাওয়ার মতোই পারফরম্যান্স মেলে ধরেছিল স্প্যানিশ আর্মাডা। তবে ফাইনালের আগে লামিনের ফিটনেস নিয়ে চাপা উদ্বেগ লা রোহা শিবিরে। শুক্রবার লুই ডে লা ফুয়েন্তের তত্ত্বাবধানে আর্জেন্তিনা বধের মহড়া সারলেন রড্রিরা। কিন্তু সেখানে লামিনে নেই! টেনেসির প্র্যাকটিস গ্রাউন্ডের একদিকে ম্যাটের ওপর শুয়ে তরুণ উইঙ্গার। বাঁ উরুতে ব্যান্ডেজ বেঁধে স্ট্রেচ করছেন— স্প্যানিশ সমর্থকদের হার্ট অ্যাটাকের জন্য এই ফ্রেমটাই যথেষ্ট। তাহলে কি খেতাবি লড়াইয়ে অনিশ্চিত দলের সেরা তারকা? ক্যামেরা ঘুরে ফিরে তাঁর দিকেই বারবার ফোকাস করছে। পাশে গত ম্যাচের গোলদাতা পেড্রো পোরোও রিকভারিতে ব্যস্ত। অনুশীলনের ফাঁকে কোচ ফুয়েন্তে দীর্ঘক্ষণ কথা বললেন লামিনের সঙ্গে। তবে যা খবর তাতে, লামিনের চোট গুরুতর নয়। অনুশীলনে তাঁকে নিয়ে ঝুঁকি নিচ্ছেন না কোচ। রবিবার তিনি প্রথম একাদশেই থাকবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ