Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলা পুলিশের জালে পরিত্যক্ত বাড়িতে গা ঢাকা দেওয়া সাত বাংলাদেশি

গত কয়েকদিন ধরে লালগোলা থানার বালিগ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিল সাত বাংলাদেশি।

লালগোলা পুলিশের জালে পরিত্যক্ত বাড়িতে গা ঢাকা দেওয়া সাত বাংলাদেশি
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: গত কয়েকদিন ধরে লালগোলা থানার বালিগ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিল সাত বাংলাদেশি। দালালদের হাত ধরে সুযোগমতো বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই ওই বাংলাদেশিদের আটক করল লালগোলা থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে বালিগ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে লালগোলা থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে, আটক সাত বাংলাদেশির নাম মহম্মদ হামিদ, জিয়ারুল শেখ, মহম্মদ সাদেকুল, মহম্মদ সামাদ ইসলাম, মহম্মদ তাহাজুল ইসলাম, মহম্মদ তাহাজুল আলি এবং মহম্মদ আকাশ। সবাই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। ভগবানগোলা এসডিপিও বিমান হালদার বলেন, আটক বাংলাদেশিরা এদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এদিন তাদের লালগোলার পদ্মাভবন হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। 

Advertisement

লালগোলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা ওই সাত বাংলাদেশি বেশ কয়েক মাস আগে জঙ্গিপুর মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে আসে। তারপর কয়েকদিন জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকায় কাটিয়ে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে দক্ষিণ ভারতে পাড়ি দেয়। তখন থেকে ওখানেই ছিল। সপ্তাহ খানেক আগে দক্ষিণ ভারত থেকে ফিরে শিয়ালদহ থেকে ট্রেনে লালগোলায় আসে। বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্ত এলাকার এক দালালের সঙ্গে যোগাযোগ করে। তার পরামর্শে বালিগ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। এদিকে গত দু’ দিন থেকে এলাকায় কয়েকজন অপরিচিতকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারাই লালগোলা থানায় বিষয়টি জানান। স্থানীয়দের খবর মোতাবেক লালগোলা থানার পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে বালিগ্রামে অভিযান চালায়। দুজন পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে কাজের জন্য অবৈধভাবে এদেশে এসেছিল। তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। সম্প্রতি সীমান্তে বিএসএফ নজরদারি বাড়ানোয় তাদের পরিত্যক্ত বাড়িটিতে আরও কয়েকদিন লুকিয়ে থাকার পরামর্শ দেয় ওই দালাল। স্থানীয় বাসিন্দা বেলাল শেখ বলেন, গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ওই পরিত্যক্ত বাড়িটি রয়েছে। সেই কারণে সচরাচর কেউ ওদিকে যায় না। সাত বাংলাদেশি এক সপ্তাহ আগে থেকে ওই বাড়িতে লুকিয়ে রয়েছে গ্রামবাসীরা কেউ টের পাননি। গত দু’ দিন ধরে কয়েকজন অপরিচিতকে গ্রামের রাস্তায় আসা-যাওয়া করতে দেখে সন্দেহ হয়। এরপরেই লালগোলা থানায় খবর দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ