‘কিল’ ছবিতে তাঁকে অ্যাকশন হিরোরূপে দেখেছিলেন দর্শক। আবার ‘চাঁদ মেরা দিল’ সিনেমায় রোমান্টিক অবতারে। নজর কেড়েছিলেন ‘ব্যাডস অব বলিউড’ সিরিজেও। তিনি অর্থাৎ অভিনেতা লক্ষ্য লালওয়ানি ফের কাজ করবেন প্রেমের গল্পে। ‘রাখ’ সিরিজ খ্যাত পরিচালক প্রসিত রায় একটি সাইকোলজিক্যাল রোমান্টিক ছবি পরিচালনা করতে চলেছেন। সেই ছবিতেই মুখ্য চরিত্রে কাজ করবেন অভিনেতা। এই মুহূর্তে প্রি প্রোডাকশনের কাজে ব্যস্ত ছবির নির্মাতারা। চলছে চিত্রনাট্যের কাজ। এছাড়াও লক্ষ্যের বিপরীতে কে থাকবেন, তাঁর খোঁজও করছেন নির্মাতারা। সূত্রের খবর, অভিনেতার বিপরীতে কোনো নতুন মুখের উপরই ভরসা রাখছেন পরিচালক। যদিও তাঁর বিষয়ে এখনই কিছু খোলসা করতে নারাজ নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে শ্যুটিং শুরু হওয়ার কথা। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে এই সিনেমা।



