সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর কাণ্ডে সিপিএম নেতা লাহেক আলিকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। তিনদিনের পুলিশ হেপাজতের মেয়াদ শেষে শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ‘অর্ডার রিজার্ভ’ রাখেন বিচারক। সন্ধ্যার পর রায় ঘোষণা করেন তিনি। অন্যদিকে, সূর্যপুরে গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় বারুইপুর থানার পুলিশ সূর্যপুরহাট থেকে লুতফর শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করল। ফলে গণপিটুনি কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এদিন আদালতে সওয়াল-জবাবকালে লাহেকের আইনজীবীদের সঙ্গে সরকার পক্ষের আইনজীবীর তীব্র বাদানুবাদ হয়। দু-পক্ষকেই থামানোর চেষ্টা করেন বিচারক। স্পেশাল সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় সিপিএম নেতার জেল হেপাজতের আরজি জানান। বিপক্ষ আইনজীবীরা জামিনের আবেদন করেন। বিভাসবাবু বলেন, আইন কেউ নিজের হাতে নিতে পারেন না। আমরা জামিনের বিরোধিতা করছি। লাহেকের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, লাহেককে আটকে রাখার চেষ্টা হচ্ছে। এটা স্রেফ রাজনৈতিক উদ্দেশ্যে।



