নয়াদিল্লি: ‘কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। চীন যতই অস্বীকার করুক, এই প্রতিষ্ঠিত সত্যকে পরিবর্তন করতে পারবে না।’ মঙ্গলবার এই ভাষাতেই বেজিংকে বার্তা দিল নয়াদিল্লি। ভারতের তরফে যে সরকারি মানচিত্র প্রকাশ করা হয়েছে, তাতে লাদাখের ২৮টি জায়গার নামকরণ করা হয়েছে। এর মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে দুটি গুরুত্বপূর্ণ স্থান ‘গোগরা’ ও ‘হট স্প্রিং’ও রয়েছে। আর এই নিয়েই আপত্তি জানায় বেজিং। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এদিন জানান, বেজিং কখনই ‘তথাকথিত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ’-কে স্বীকৃতি দেয় না। মাওয়ের বক্তব্য ছিল, ভারতের এই পদক্ষেপ অবৈধ। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের এলাকাগুলি সর্বদা চীনেরই অংশ ছিল। এই সত্যকে পরিবর্তন করা যাবে না। এরপর চীনের ভাষাতেই পালটা জবাব দিল ভারত। এদিন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সার্ভে অব ইন্ডিয়ার তরফে যে সরকারি ম্যাপ প্রকাশ করা হয়েছে, তাতে নিয়ম মেনেই লাদাখের ২৮টি স্থানের নামকরণ করা হয়েছে। লাদাখ প্রশাসন ও স্থানীয় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ করা হয়েছে। এর উদ্দেশ্য হল এলাকাগুলির পরিচিতি এবং লাদাখকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। ২০২০ সালে গলওয়ান কাণ্ডের দুই দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয়েছিল।



