নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃত্রিম পুকুরে প্রতিমা নিরঞ্জনে সমস্যা। কারণ পর্যাপ্ত জলই দেয়নি দিল্লির বিজেপি সরকার। ফলে প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে পুজো আয়োজকদের বড়ো অংশকে। দিল্লির অন্যতম প্রধান বাঙালি এলাকা সি আর পার্কের পুজো ব্যবস্থাপনা নিয়ে এমনই অভিযোগ করেছেন দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী তথা আপের দিল্লি সভাপতি সৌরভ ভরদ্বাজ। প্রধানত সি আর পার্কের ‘আস্থাকুঞ্জ’তে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে চরম অব্যবস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, এবিষয়ে সি আর পার্কের কোনো পুজো উদ্যোক্তাই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। ফলে পুরো বিষয়টি নিয়েই চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। দিল্লিতে বহু বছর ধরেই যমুনায় সরাসরি প্রতিমা বিসর্জন দেওয়া নিষিদ্ধ। বিসর্জনের জন্য দিল্লির বিস্তীর্ণ অংশে কৃত্রিম পুকুর তৈরি করে দেওয়া হয়। যেসব পুজো কমিটির নিজস্ব মাঠ বা প্রাঙ্গণ রয়েছে, তারা নিজেরাই কৃত্রিম পুকুরের ব্যবস্থা করে নেন। দিল্লি সংলগ্ন এনসিআরেও বেশ কয়েক বছর ধরে এমন ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু কৃত্রিম পুকুরগুলিতে জলের ব্যবস্থা করতে হয় দিল্লি সরকারকেই। তারা পর্যাপ্ত জলের জোগান দেয়। আপ নেতার অভিযোগ, সি আর পার্কের ‘আস্থাকুঞ্জ’তে তা করা হয়নি। তা নিয়েও ছড়িয়েছে ক্ষোভ। যদিও এসংক্রান্ত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্মশিবির।



