নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং দেরিতে হওয়ায় চাকরিতে অনাগ্রহ স্পষ্ট হচ্ছে প্রার্থীদের মধ্যে। ১,১৭৭ জন প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য কাউন্সেলিং শুরু হয়েছে মঙ্গলবার থেকে। তবে, তাতে বহু প্রার্থীই অনুপস্থিত থাকছেন। প্রথমদিন, অর্থাৎ মঙ্গলবার ইংরেজি বিষয়ের ৮৮ জন প্রার্থীর মধ্যে ২৮ জন প্রার্থীই অনুপস্থিত ছিলেন। অর্থাৎ অনুপস্থিতি প্রায় ৩২ শতাংশ। এর মধ্যে অনেকেই সুপারিশপত্র নিয়ে জানিয়েছেন, নতুন চাকরিতে যোগ দেবেন না। বুধবার ছিল বায়ো এবং পিয়োর সায়েন্সের কাউন্সেলিং। তাতেও ১৪৯ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির হার প্রায় ৩১ শতাংশ। এদিনও অনেকে জানিয়েছেন, সুপারিশপত্র নিলেও নতুন চাকরি তাঁরা নেবেন না। এ বিষয়ে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের শীর্ষনেতা সুশান্ত ঘোষ বলেন, ‘পরীক্ষার বিজ্ঞপ্তির ঠিক একযুগ পরে এই কাউন্সেলিং হচ্ছে। অনেকেই প্রাথমিক স্কুলে চাকরি পেয়েছেন। কেই অন্য সরকারি দপ্তরে চাকরি পেয়ে গিয়েছেন। আর এই কাউন্সেলিংয়ে অধিকাংশের স্কুল থেকে বাড়ির দূরত্ব এতটাই হচ্ছে যে তাঁরা এই চাকরিতে আগ্রহী হচ্ছেন না। তবে কারণ যাই হোক, সরকার পোষিত স্কুলের চাকরিতে অনাগ্রহ নিঃসন্দেহে বিস্ময়কর।’



