Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে বিড়ি শ্রমিকদের হাসপাতালের পরিকাঠামো দেখে ক্ষুব্ধ শ্রমমন্ত্রী অর্জুন

মঙ্গলবার জঙ্গিপুর সফরে এসে সূতিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিড়ি শ্রমিকদের হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং

সূতিতে বিড়ি শ্রমিকদের হাসপাতালের পরিকাঠামো দেখে ক্ষুব্ধ শ্রমমন্ত্রী অর্জুন
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, জঙ্গিপুর: মঙ্গলবার জঙ্গিপুর সফরে এসে সূতিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিড়ি শ্রমিকদের হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। হাসপাতালটির বেহাল পরিকাঠামো ও দীর্ঘদিন ধরে উন্নয়নের কাজ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন সকালে সামশেরগঞ্জ ও সূতি থানা এলাকার বিড়ি শ্রমিকদের হাসপাতাল ঘুরে দেখেন মন্ত্রী। শ্রমিক ও কারখানা মালিকদের সঙ্গে বৈঠক সারেন তিনি। বিড়ি শ্রমিকরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা কোনোভাবেই বরদাস্ত করা হবে না জানিয়ে পরিকাঠামো বদল ও উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

Advertisement

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিক হাসপাতালে কোনো পরিষেবাই মেলে না। আগের সরকারের আমলে অর্থ এলেও কাজ করতে পারেনি। হাসপাতালটিকে যাতে করে সংস্কার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে জানাব। পাশাপাশি জুট মিলগুলি পূর্ণমাত্রায় চালু হলে স্থানীয় স্তরে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে, যা পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমাতে সাহায্য করবে। শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও সমহারে বেতনের পরিকাঠামো তৈরিতে রাজ্য সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
হাসপাতাল পরিদর্শনের পর সূতির মানিকপুরে জঙ্গিপুর জুট মিলে যান অর্জুন সিং। সেখানে মিলের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি শ্রমিকদের মজুরি, প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে সরাসরি কথা বলেন। মিলের অন্যতম কর্ণধার তথা প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং দীপক কুমার জৈন মন্ত্রীর কাছে পাটের সংকট ও উৎপাদনের ঘাটতির কথা তুলে ধরেন। পাশাপাশি, বিদ্যুতের বিলে ভর্তুকি ও সরকারি ঋণে সহায়তার আবেদন জানান তাঁরা। এছাড়াও বিকালে রঘুনাথগঞ্জে একটি প্রশাসনিক সভাতেও যোগ দেন শ্রমমন্ত্রী। বিড়ি ও জুট শিল্প—উভয় ক্ষেত্রেই মন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ সফর স্থানীয় শ্রমিক এবং শিল্পমহলে নতুন আশার সঞ্চার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ