Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মূর্তি তৈরির জন্য মাটির প্রবল অভাব, মুখ্যমন্ত্রীকে চিঠি আতঙ্কিত কুমোরটুলির

মূর্তি বানানোর মাটির অভাবে ধুঁকছে কুমোরটুলি। সমস্যা সমাধানে শনিবার জরুরিভিত্তিতে বৈঠক করলেন মৃৎশিল্পী সংগঠনের কর্মকর্তারা।

মূর্তি তৈরির জন্য মাটির প্রবল অভাব, মুখ্যমন্ত্রীকে চিঠি আতঙ্কিত কুমোরটুলির
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বসু, কলকাতা: মূর্তি বানানোর মাটির অভাবে ধুঁকছে কুমোরটুলি। সমস্যা সমাধানে শনিবার জরুরিভিত্তিতে বৈঠক করলেন মৃৎশিল্পী সংগঠনের কর্মকর্তারা। জট কাটাতে তাঁরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখবেন বলে জানান। পাশাপাশি স্থানীয় বিধায়ক পূর্ণিমা চক্রবর্তীর কাছেও দরবার করবেন।

Advertisement

সংগঠনের পক্ষ থেকে এদিন উদ্বেগ প্রকাশ করে বলা হয়, মাটির অভাবে প্রতিমা তৈরির কাজ কার্যত শিকেয় উঠেছে। সমস্যা ক্রমশ বাড়ছে। এভাবে চলতে থাকলে কয়েক দিনের মধ্যে অচল হয়ে পড়বে পটুয়াপাড়া। মৃৎশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক বাবু পাল বলেন, ‘কুমোরটুলিতে প্রতিমা তৈরির মাটি লরিতে করে আসে মূলত দক্ষিণ ২৪ পরগনার ফলতা, ডায়মন্ডহারবার, ক্যানিং, বিষ্ণুপুর প্রভৃতি এলাকা থেকে। আর উলুবেড়িয়া থেকে জলপথে নৌকা করেও আসে। তবে তার পরিমাণ খুব কম। ফলে দক্ষিণ ২৪ পরগনা থেকে আসা মাটির উপরই বেশি নির্ভর করতে হয় শিল্পীদের।’ সংগঠনের অভিযোগ, ওই জেলায় সম্প্রতি কিছু সমস্যা দেখা দিয়েছে। সে কারণে মাটি আসা বন্ধ। সবমিলিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন মৃৎশিল্পীরা। মৃৎশিল্পী চায়না পাল বলেন, ‘এখনই শুরু হয়ে গিয়েছে দুর্গা মূর্তি তৈরি। এছাড়াও একাধির অন্য মূর্তি তৈরি চলছে। কিন্তু প্রধান উপকরণ মাটিই যদি না মেলে তাহলে কেমন করে প্রতিমা তৈরি হবে?’ শিল্পী প্রশান্ত পাল, রঘুনাথ পালদের বক্তব্য, ‘এমন পরিস্থিতি চলতে থাকলে তাঁরা প্রতিমা অর্ডার নিতে পারবেন না। কারণ সময়ে ডেলিভারি না দিতে পারলে সমস্যা দেখা দেবে।’ এদিন কুমোরটুলির বিভিন্ন শিল্পীর ঘরে মাটি নিয়েই চর্চা চলেছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ সমস্যার জট কবে খুলবে তার দিকে তাকিয়ে মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ