Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / বিদেশ

কুয়েতের সর্বোচ্চ সম্মান দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

কুয়েতের সর্বোচ্চ সম্মান দেওয়া হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
কুয়েত সিটি, ২২ ডিসেম্বর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া হল কুয়েতের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অব মুবারাক আল কবীর’। এই নিয়ে বিভিন্ন রাষ্ট্র প্রদত্ত ২০তম আন্তর্জাতিক সম্মান পেলেন মোদি। মূলত কুটনৈতিক বন্ধুত্বের জন্যই এই সম্মান রাষ্ট্রপ্রধানদের দেওয়া হয়ে থাকে। সে দেশের নিয়মানুযায়ী, কোনও দেশের রাষ্ট্রপ্রধান, বিদেশি প্রতিনিধি এবং ভিন দেশের রাজার পরিবারের সদস্যদেরই কেবলমাত্র এই সম্মান দেওয়া হয়। এই সম্মানকে কুয়েতের নাইটহুডও বলা হয়ে থাকে। সেই দেশের সপ্তম শাসক মুবারক বিন সাবা আল সাবাহ-র সম্মানেই এই সম্মান দেয় কুয়েত সরকার। মনে করা হচ্ছে, ভারত এবং কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্যই এই সম্মানে ভূষিত হয়েছেন মোদি। এর আগে কুয়েতের এই রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন প্রিন্স চার্লস, রানি এলিজাবেথ, বিল ক্লিন্টন, জর্জ বুশের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। উল্লেখ্য, দু’দিনের সফরে গত শনিবার কুয়েতে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৪৩ বছর পর সেই দেশে গিয়েছেন ভারতের কোনও প্রধানমন্ত্রী। কুয়েতে পা রাখার পরই রাজকীয় অভ্যর্থনা পান মোদি। কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের আগে তাঁকে বায়ান প্রাসাদে গার্ড অব অনার-ও দেওয়া হয়।
 
Advertisement
সম্পর্কিত সংবাদ