Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

কোয়ার্টার ফাইনালে বাংলা

কোয়ার্টার ফাইনালে বাংলা
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: এতদিন ভরসা দিচ্ছিলেন বল হাতে। এবার ব্যাট হাতেও কঠিন সময়ে হাল ধরলেন। সোমবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনালে চণ্ডীগড়ের বিরুদ্ধে মহম্মদ সামির ঝোড়ো অপরাজিত ৩২ রানই ম্যাচে ফারাক গড়ে দিল। সেই সঙ্গে সায়ন ঘোষের আগুনে বোলিংয়ের সুবাদে ৩ রানে রুদ্ধশ্বাস জয় পেল বাংলা। শেষ আটে বুধবার বাংলার প্রতিপক্ষ বরোদা। কোচ লক্ষ্মীরতন শুক্লা ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল হওয়ার বার্তা দিলেন। তিনি আশাবাদী, পরের ম্যাচেও সামি খেলবেন। 
Advertisement
টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করার আহ্বান জানায় চণ্ডীগড়। একটা সময় ২১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বঙ্গ ব্রিগেড। টপ অর্ডারে করণ লালের ৩৩ ও ঋত্বিক চ্যাটার্জির ২৮ ছাড়া পাতে দেওয়ার মতো আর কোনও পারফরম্যান্স নেই। ১১৪ রানে ৮ উইকেট পতনের পর বাংলার সমর্থকরা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখনই ধুন্ধুমার ব্যাটিংয়ে স্কোর ৯ উইকেটে ১৫৯-এ পৌঁছে দেন সামি। ১৭ বলের ইনিংসে তিনটি বাউন্ডারির পাশাপাশি দু’টি ওভার বাউন্ডারিও হাঁকান তিনি। 
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও চণ্ডীগড় ধীরে ধীরে জয়ের ভিত গড়ে তোলার চেষ্টা করে। অন্তিম ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১১ রান। বাংলার পেসার সায়ন ঘোষ স্নায়ুর চাপ নিয়ে দুর্দান্ত বোলিং করেন। দেন মাত্র সাত রান। ঝুলিতে পোরেন দু’টি উইকেট। বাংলা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা সায়ন ঘোষ। এদিকে, শাহবাজ আহমেদের হার্নিয়া ধরা পড়েছে। এমাসেই অস্ত্রোপচার হবে।
সম্পর্কিত সংবাদ