নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা হারের ধাক্কা কাটিয়ে কোচ অস্কার ব্রুজোঁর প্রশিক্ষণে ক্রমশ ছন্দে ফিরছে ইস্ট বেঙ্গল। আইএসএলে শেষ দু’টি ম্যাচেই জয় পেয়েছেন মাধি তালালরা। এমন পরিস্থিতিতে চোট পেয়ে সাউল ক্রেসপোর ছিটকে যাওয়া চিন্তা বাড়াল লাল-হলুদ কোচের। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে টান ধরে তাঁর। সোমবার এমআরআই হলে দেখা যায়, চোট বেশ গুরুতর। কমপক্ষে দু’সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাঁকে। তারপর ফের পরীক্ষা হবে। ফলে কবে তাঁকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়া যাবে তা নিয়ে উদ্বেগে টিম ম্যানেজমেন্ট। এই পর্বে ফিরতি ডার্বি সহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের। তাই ক্রেসপোর অভাব ঢাকাই এখন বড় চ্যালেঞ্জ কোচ ব্রুজোঁর।
Advertisement
গত মরশুমেও এই তারকা স্প্যানিশ মিডিওর চোট অনেকটাই পিছিয়ে দিয়েছিল ইস্ট বেঙ্গলকে। প্রাক্তন কোচ কুয়াদ্রাতের প্রশিক্ষণে তখন সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল দল। এই পরিস্থিতিতে আইএসএলের প্রথম ডার্বিতে থাই মাসলে চোট পান ক্রেসপো। তাঁর বিকল্পের অভাবে ভুগতে হয় ইস্ট বেঙ্গলকে। একের পর এক ম্যাচ হেরে সুপার সিক্সের দৌড় থেকে ছিটকে যায় লাল-হলুদ ব্রিগেড। এবারও একই আশঙ্কা দানা বাঁধছে সমর্থকদের মনে। তাই আসন্ন ট্রান্সফার উইন্ডোতে কোচ অস্কার কোন পজিশনে নতুন ফুটবলার দলে নেন, সেদিকেও নজর থাকবে। একই সঙ্গে ওড়িশা ম্যাচে দিমিত্রিয়স দিয়ামানতাকোসের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পুরনো জায়গায় ব্যথা অনুভব করায় শনিবার দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁকে তুলে নেন কোচ। হাতে সময় কম। তাই ওড়িশা ম্যাচের আগে কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না অস্কার। উল্লেখ্য, চেন্নাই ম্যাচ খেলে রবিবার শহরে ফিরেছে ইস্ট বেঙ্গল। তাই সোমবার ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছিল। মঙ্গলবার ওড়িশা ম্যাচের প্রস্তুতিতে নামছে লাল-হলুদ ব্রিগেড।



