রাজকোট: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিহারকে ৯ উইকেটে উড়িয়ে দিল বাংলা। টস হেরে ব্যাট করতে নেমে বিহার তোলে ৬ উইকেটে ১৪৭। জবাবে ১৪ ওভারে মাত্র এক উইকেট খুইয়েই জয় পায় বঙ্গ-ব্রিগেড। ৬টি ছক্কা ও ৯টি চার সহ ৪৭ বলে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা করণ লাল। উল্লেখ্য, ছ’টির ম্যাচের পাঁচটিতে জিতে বাংলার সংগ্রহ ২০ পয়েন্ট।
Advertisement
মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। প্রথমে ব্যাট করতে শুরুটা মন্দ করেনি বিহার। ওপেনার সাকিবুল গনি ৫৬ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন। তবে বিহারের অধিনায়ককে বাকিরা যোগ্য সঙ্গত করতে পারেননি। বাংলার সফলতম বোলার সায়ন ঘোষ (২-৩২)। এই ম্যাচে মহম্মদ সামির উপর বিশেষ নজর ছিল। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি এই তারকা ভারতীয় পেসার। চার ওভারে ১৮ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি। রান তাড়া করতে নেমে বাংলার ওপেনার অভিষেক পোড়েল ১৯ রান করে আউট হন। তবে তাতে জয় পেতে অসুবিধা হয়নি বাংলার। তিনে নামা সুদীপ ঘরামিকে (অপরাজিত ৩২) সঙ্গে নিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন করণ লাল।



