Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার  কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ স্মরজিৎ বিশ্বাসকে। তাঁর বাড়ি দিগনগর এলাকায়।

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার  কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ
  • ১৭ মে, ২০২৬ ১১:২৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ স্মরজিৎ বিশ্বাসকে। তাঁর বাড়ি দিগনগর এলাকায়। তিনি দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানও ছিলেন। অভিযোগ, দিগনগরের বিভিন্ন কারখানা ও দেশি মদ তৈরির কারখানায় কর্মরত শ্রমিকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে জোর করে টাকা আদায় করতেন তিনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিগনগর এলাকায় একাধিক দেশি মদ তৈরির কারখানা রয়েছে। সেখানে এক ঠিকাদারের মাধ্যমে শ্রমিক সরবরাহের কাজের সঙ্গে যুক্ত ছিলেন স্মরজিৎ বিশ্বাস। অভিযোগ, সেই সূত্র ধরেই শ্রমিকদের কাছ থেকে নিয়মিত তোলাবাজি চালাতেন তিনি। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ স্থানীয়ভাবে উঠছিল বলে জানা গিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার রাতে দিগনগরের বাড়ি থেকে স্মরজিৎ বিশ্বাসকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং দীর্ঘদিন ধরে কীভাবে এই তোলাবাজি চলছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল বলে স্থানীয় সূত্রে দাবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ