নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়ার ভিত্তিতে ইতিমধ্যেই তাদের মতামত ও প্রস্তাব জমা দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নাগরিকদেরও আগামী ৩ সেপ্টেম্বের পর্যন্ত পরামর্শ-প্রস্তাব লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। সর্বদল বৈঠকে রাজনৈতিক দলগুলির দাবি মেনে এবার শুনানির দিনও নির্ধারণ করা হল। আগামী ৪ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই শুনানি চলবে বলে নির্দেশিকায় জানিয়েছে পুর কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার ২ নম্বর কনফারেন্স হলে এই শুনানির আয়োজন করা হয়েছে। হিয়ারিং অফিসার হিসাবে থাকবেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের একজন অফিসার। শুনানির সময়সীমা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে সমস্ত অভিযোগ ও প্রস্তাবের নিষ্পত্তি করা হবে বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।



