বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: বজবজে একটি স্পোর্টস অ্যাকটিভিটি ফেসিলিটি কমপ্লেক্স তৈরির প্রস্তাব দিল কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট। সেখানে শুধু ফুটবল নয়, ক্রিকেট, সাঁতার, টেনিস সহ আরও অন্য খেলাধূলোর পরিকাঠামোও গড়ে তোলা হবে। বজবজ পুরনো স্টেশনের কাছে প্রস্তাবিত ওই কমপ্লেক্সের বিষয়ে বড় ফেস্টুন টাঙিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তবে এই কমপ্লেক্স তৈরির জায়গাটি ঠিক কোথায়, তা খোলসা করেনি।
এদিকে এই ফেস্টুনে ছবি সহ প্রস্তাবিত স্পোর্টস কমপ্লেক্স নিয়ে নাগরিক সমাজ দোলাচলে। সন্দেহ ও নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। এক নাগরিক সুজয় দাস বলেন, ফেস্টুনে দেওয়া প্রস্তাবিত কমপ্লেক্সটি সত্যি কলকাতা বন্দর তৈরি করে দেবে? না কি নাগরিক সমাজের ক্ষোভকে শান্ত করতে কোনও মহল থেকে তড়িঘড়ি এই কৌশল নেওয়া হল? সুজয়বাবু বলেন, এটা হলে স্বাগত জানাব। কিন্তু আদৌ কি বাস্তবে হবে? না কি মহেশতলার মারাদোনা কমপ্লেক্স-এর মতো ঘোষণা করেই ভবিষ্যতে অশ্বডিম্ব প্রসব করবে?
প্রসঙ্গত, একশো বছরের বেশি পুরনো এই বিডি গ্রাউন্ডকে বজবজ শহরের বাসিন্দারা খেলাধুলোর জন্য ব্যবহার করে এসেছে। সেই মাঠ এখন বড় টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গত সপ্তাহে নাগরিকদের নিয়ে একটি গণ কনভেশন হয়। সেখানকার সিদ্ধান্ত অনুসারে কেন্দ্রীয় বন্দর ও জাহাজ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তুনু ঠাকুর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে তাঁদের হস্তক্ষেপ প্রার্থনা করা হয়েছে। এরপরই এই ফেস্টুন পড়ল।
বিজেপির ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার এগজিকিউটিভ কমিটির সদস্য ও বজবজের বাসিন্দা জয়দেব দত্ত বলেন, এই অঞ্চলের নাগরিকরা ফেরত চেয়েছিলেন বিডি গ্রাউন্ডের খেলার মাঠ। তাই বজবজে অন্য একটি জায়গাতে বড় আকারে স্পোর্টস কমপ্লেক্স তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে পোর্ট। এনিয়ে সন্দেহ করার তো কোনো অবকাশ নেই। এটা হবে। নিজস্ব চিত্র