নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নবান্নের ফলক বদলেছে গেরুয়ায়। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের টিকিট কাউন্টারের দেওয়ালে গেরুয়া রং করা নিয়ে বিতর্ক। এবার গেরুয়াকরণের পথে হাঁটল কলকাতা পুলিশও। রাখি উৎসব উপলক্ষ্যে শহরজুড়ে আয়োজিত হবে কলকাতা পুলিশের বিশেষ ভাতৃবন্ধন অনুষ্ঠান। সেখানে হাতে পরানো হবে বিশেষ রাখি। এবার সে রাখি আদতেই বিশেষ। গতবারও কলকাতা পুলিশের লোগোর রঙে নীল-সাদা ছিল রাখির রং। সরকার বদলের পর তা বদলাচ্ছে গেরুয়ায়। যদিও লালবাজারের দাবি, ভারতীয় পতাকার তিনটি রংই ব্যবহৃত হবে বিজেপি জমানায় কলকাতা পুলিশের রাখিতে।
২৮ আগস্ট রাখি উৎসব। সেই উপলক্ষ্যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে প্রস্তুতি শুরু হয়েছে। গতবার পর্যন্ত নীল-সাদা রাখি তৈরি করার বরাত দিত লালবাজার। ভিতরে থাকত কলকাতা পুলিশের লোগো। সংশ্লিষ্ট লোগোটি নীল ও সাদা রং দিয়েই তৈরি। এই দু’টি রং ব্যবহার করেই রাখি তৈরি করানো হত। কিন্তু এ বছর বদলে গিয়েছে রং। দড়িটি গেরুয়া রঙে রাঙানো। আর মূল অংশটির নীচের দিকে বেশিরভাগই গেরুয়া। এর উপরের অংশ সবুজ। তার উপরে সাদা। এই সাদা অংশের মধ্যে কলকাতা পুলিশের লোগো। সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে দরপত্র ডাকা হয়েছে। লালবাজারের এক আধিকারিক বলেন, ৫০ হাজার রাখি তৈরির বরাত দেওয়া হয়েছে। সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হবে রাখি। কলকাতা পুলিশ সূত্রে খবর, রাখির পাশাপাশি ছোটোদের দেওয়া হবে চকোলেট। ২৪ আগস্টের মধ্যেই রাখি পৌঁছে যাবে লালবাজারে। তা সবকটি থানায় পাঠানো হবে।