Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটে ভাড়ার বেসরকারি যানবাহনে এখনও ‘কলকাতা পুলিশ’ স্টিকার, অপব্যবহারের আশঙ্কা, খোলার নির্দেশ সিপির

বিধানসভা ভোটের জন্য ভাড়া নেওয়া সিংহভাগ বাস-মিনিবাস-প্রাইভেট কারে এখনও কলকাতা পুলিশের স্টিকার জ্বলজ্বল করছে।

ভোটে ভাড়ার বেসরকারি যানবাহনে এখনও ‘কলকাতা পুলিশ’ স্টিকার, অপব্যবহারের আশঙ্কা, খোলার নির্দেশ সিপির
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোটের জন্য ভাড়া নেওয়া সিংহভাগ বাস-মিনিবাস-প্রাইভেট কারে এখনও কলকাতা পুলিশের স্টিকার জ্বলজ্বল করছে। দ্রুত এই সব স্টিকার খোলার ব্যবস্থা করতে হবে। শনিবার এমনই নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। সিপির আশঙ্কা, কলকাতা পুলিশের ভাড়া নেওয়া বেসরকারি বাস, মিনিবাস, প্রাইভেট কারে থেকে যাওয়া পুলিশের স্টিকারের অপব্যবহার করতে পারে দুষ্কৃতীরা। তাই দ্রুত এই স্টিকার খোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। 

Advertisement

সিপির ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, এখন থেকে কলকাতা পুলিশের থানা, ফাঁড়ি এবং ডিভিশনের কাজে ভাড়া নেওয়া বেসরকারি গাড়িকে কাজ মিটলেই দ্রুত ছেড়ে দিতে হবে। ছাড়ার আগে কলকাতা পুলিশের স্টিকার খুলে নিতে হবে। কলকাতার সব ডিভিশনের ডিসিদের এই নির্দেশ দিয়েছেন সিপি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কলকাতা পুলিশের হাতে পর্যাপ্ত সরকারি গাড়ি নেই। দৈনন্দিন কাজ মেটাতে তাই লালবাজারকে বাইরে থেকে বেসরকারি যানবাহন ভাড়া নিতে হয়। আবার, কলকাতা পুলিশের নিজস্ব গাড়ির সিংহভাগই হয় বাতিল নতুবা বাতিল হওয়ার মুখে। ভাঙড় এলাকা কলকাতা পুলিশের আওতায় আসার পর বৈদ্যুতিন গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। লালবাজারের নীচুতলার পুলিশকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের পাঠানো আধুনিকীকরণের টাকায় ফি-বছর লালবাজারের কর্তাদের বিলাসবহুল গাড়ির মডেল বদলে যায়। কিন্তু থানা-ফাঁড়িতে গাড়ি কেনার সময় টাকার ঘাটতি থেকেই যায়। গত ১১ মে নবান্ন সভাঘরে কলকাতা সহ রাজ্যের পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেদিন তিনি বলেন, ‘সাধারণ মানুষের গাড়ি ধরে জরিমানা করার আগে পুলিশ নিজের যানবাহনের দিকে নজর দিক।’ পুলিশের গাড়ি সমস্যার সমাধানে তিনি ডিজি সিদ্ধিনাথ গুপ্তার নেতৃত্বে  কমিটিও গড়ে দিয়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ