Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নার্সিং ও প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করছে কলকাতা পুরসভা

নার্সিং ও প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করছে কলকাতা পুরসভা
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নার্সিং ট্রেনিং এবং প্যারা-মেডিক্যাল ট্রেনিং স্কুল চালু করতে চলেছে কলকাতা পুরসভা। আলিপুর-চেতলা অঞ্চলের সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবনে এই দু’টি স্কুল চালু হবে। আপাতত নার্সিং ট্রেনিং স্কুল শুরু হবে। পরে শুরু করা হবে প্যারা-মেডিকেল কোর্স। কলকাতা পুর কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

Advertisement

পুরসভার স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, মূলত শহরের দরিদ্র মেধাবী পড়ুয়াদের জন্য এই ধরনের ট্রেনিং স্কুল খুলতে আগ্রহী মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার এমন উদ্যোগ এই প্রথম। সব্জিবাগানে পুরসভার একটি পাঁচতলা ভবন পড়েছিল। সেখানেই ২০ হাজার বর্গফুট জায়গাজুড়ে পিপিপি মডেলে শুরু হবে নার্সিং ট্রেনিং স্কুল। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেটি পরিচালনার দায়িত্ব পেয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল। তারাই সেখানে নার্সিং ট্রেনিং করাবে। ৬০টি আসন বিশিষ্ট এই নার্সিং স্কুলের ৩৩ শতাংশ আসন পুরসভার তরফে পাঠানো শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। স্বাস্থ্যবিভাগের এক কর্তা বলেন, ‘জয়েন্ট দিয়েই এখানে ভর্তি হতে হবে। যে ৩৩ শতাংশ আসন পুরসভার জন্য বরাদ্দ থাকবে, সেখানে শহরের গরিব পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে নার্সিং ট্রেনিংয়ের সুযোগ পাবেন। শুধুমাত্র যাঁরা সেখানে থেকে পড়াশোনা করবেন, তাঁদের হস্টেল ও খাওয়াদাওয়ার খরচ বহন করতে হবে। বাকি আসনেও ওই বেসরকারি সংস্থা নিজেদের ইচ্ছেমতো ফি নিতে পারবে না। ফি যাতে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকে, তাও নিশ্চিত করবে পুরসভা। তেমনই চুক্তি হয়েছে।’
প্যারা-মেডিকেল কোর্স চালুর দায়িত্ব কোন সংস্থা পাবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গিয়েছে, এই বিভাগে মূলত তিন ধরনের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকবে। ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান এবং ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। প্রতিটি ক্ষেত্রেই ৪০টি করে আসন অর্থাৎ মোট ১২০ জনের পড়াশোনার সুযোগ থাকবে। এক্ষেত্রেও নার্সিং ট্রেনিং স্কুলের মতো নির্দিষ্ট আসন পুরসভার জন্য বরাদ্দ থাকবে। সেই আসনগুলিতে যাঁরা ভর্তি হবেন, তাঁরা বিনা খরচে পড়তে পারবেন। বাকি আসনেও পুরসভার নির্দিষ্ট করে দেওয়া ফি নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ