নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা উপনির্বাচনে আশাতীত ফল করেছে বিজেপি। এবার লক্ষ্য কলকাতা ও হাওড়া পুরসভা জয়। সেই লক্ষ্যে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি সদর দপ্তরে বসানো হল ড্রপ বক্স। যেখানে কলকাতা পুরসভার প্রার্থী হতে আগ্রহীরা নিজেদের বায়োডাটা জমা দিতে পারবেন। এর আগে ২০২১ সালের বিধানসভা ভোটে একইভাবে এই জায়গায় বিজেপি ভাবী এমএলএ প্রার্থীদের বায়োডাটা জমা নেওয়া হয়েছিল। এদিন সুকান্তবাবু জানান, ২০৯টি ওয়ার্ডেই বিজেপি তাদের প্রার্থী দেবে। এলাকায় প্রার্থীর গ্রহণযোগ্যতা শিক্ষাগত বিষয়সহ নানাদিক খতিয়ে দেখে টিকিট দেওয়া হবে। পাড়ায় পাড়ায় নতুন প্রজন্মের ছেলেমেয়ে অর্থাৎ জেনজিদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন বিজেপি নেতৃত্ব। রবিবার কলকাতা পুরসভা ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মানিকতলা ও জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র নিয়ে বৈঠক করেন।



