Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স, লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেন পাথিরানা

মুকুল চৌধুরির অবিশ্বাস্য ধুমধাড়াক্কায় ইডেনে প্রথম দফায় নাটকীয়ভাবে বাজিমাত করেছিল লখনউ সুপার জায়ান্টস।

আজ জয়ের ছন্দ ধরে রাখতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স,  লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেন পাথিরানা
  • ২৬ এপ্রিল, ২০২৬ ১০:০৪
Prefer us on Google

লখনউ: মুকুল চৌধুরির অবিশ্বাস্য ধুমধাড়াক্কায় ইডেনে প্রথম দফায় নাটকীয়ভাবে বাজিমাত করেছিল লখনউ সুপার জায়ান্টস। রবিবার একানা স্টেডিয়ামে ফের ঋষভ পন্থ ব্রিগেডের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ অবশ্য অজিঙ্কা রাহানেদের কাছে নিছক প্রতিশোধেরই নয়, তার চেয়েও বেশি। সাত ম্যাচে পকেটে মাত্র ৩ পয়েন্ট, প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে আর পা হড়কানোর উপায় নেই। একটা পরাজয় মানেই অন্যদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকা। এমন পরিস্থিতিতে প্রতিটি ম্যাচ জেতার চাপ মাথায় নিয়ে মাঠ নামতে হবে সোনালি-বেগুনি শিবিরকে।

Advertisement

তার উপর প্রথম এগারো নিয়ে রয়েছে বিস্তর সমস্যা। ওপেনিং স্লট কার্যত মিউজিক্যাল চেয়ারে পরিণত। ফিন অ্যালেন, টিম সেইফার্ট দু’জনেই ব্যর্থ। একটা ম্যাচে সুনীল নারিনকে নামিয়েও লাভ হয়নি। অন্যদিকে, ক্যাপ্টেন রাহানে গত দু’ম্যাচেই ফিরেছেন শূন্যতে। চলতি আসরের প্রথম দিকে অন্তত পাওয়ার প্লে’তে চালাচ্ছিলেন তিনি। কিন্তু সেটাও বন্ধ এখন। তার উপর অধিনায়ক হিসেবেও রাহানের অনেক সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। নাইটদের মোট ২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ছয়টিতে জিতেছেন ৩৮ বছর বয়সি মুম্বইকর।
রবিবার অবশ্য কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে মাথিশা পাথিরানার। অনুশীলনে তিনি বোলিং কোচ টিম সাউদির তত্ত্বাবধানে ক্রমাগত ইয়র্কারের প্র্যাকটিস করেছেন। শ্রীলঙ্কান পেসার খেললে ডেথ ওভারে নাইট বোলিংয়ের ধার বাড়বে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন সেইফার্ট। বাকি তিন বিদেশি হবেন ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল ও নারিন। তবে রাচীন রবীন্দ্রকে দিনের পর দিন ড্রেসিং-রুমে বসিয়ে রাখা নিয়ে সমালোচিত হচ্ছে নাইট ম্যানেজমেন্ট। সেটাও ভাবাচ্ছে দলকে। তারই মধ্যে খানিকটা অক্সিজেন জোগাচ্ছে গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জয়। সাফল্যের পথ আর হারাতে নারাজ তিন বারের চ্যাম্পিয়নরা।
অবশ্য লখনউও স্বস্তিতে নেই। পয়েন্ট তালিকায় তলানিতে থাকা কলকাতার ঠিক উপরে (৯ নম্বরে) রয়েছেন ঋষভ পন্থরা। সাত ম্যাচে সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। তার উপর টানা চারটি ম্যাচে হেরেছে এলএসজি। ইডেনের পর আর জয়ের মুখ দেখেনি তারা। ঘোর দুঃসময় চলছে ক্যাপ্টেন পন্থের ব্যাটে। সাত ইনিংসে এসেছে ১৪৭ রান। এরমধ্যে গত পাঁচ ম্যাচে করেছেন মোটে ৭২! বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খাতা না খুলেই ফেরেন ডাগ-আউটে। নেতা হিসেবেও পন্থের রেকর্ড ভরসা দিচ্ছে না। ২১ ম্যাচের ১৩টিতেই হেরেছেন তিনি।
কলকাতার মতো লখনউয়ের ঘাড়ের উপরও ঝুলছে দ্রুত প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার খাঁড়া। তার উপর একানা স্টেডিয়াম মোটেই লখনউয়ের দুর্গ নয়। গত মরশুমে এখানে আট ম্যাচের ছ’টিতেই হেরেছিল তারা। এবার পরাজয়ের হ্যাটট্রিক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। লজ্জা আর বাড়তে না দেওয়ার লক্ষ্য সামনে রেখে রবিবার নাইটদের মুখোমুখি হচ্ছে এলএসজি।

Advertisement
সম্পর্কিত সংবাদ