Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দর: টার্মিনালের ভিতরে সশস্ত্র সিআইএসএফ, জারি হল হাই অ্যালার্ট

কলকাতা বিমানবন্দর: টার্মিনালের ভিতরে সশস্ত্র সিআইএসএফ, জারি হল হাই অ্যালার্ট
  • ১০ মে, ২০২৫ ০৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হল। বাড়ানো হয়েছে সিআইএসএফ কর্মীর সংখ্যা। টার্মিনাল বিল্ডিংয়ের ভিতরে সশস্ত্র সিআইএসএফ কর্মী ২৪ ঘণ্টার জন্য মোতায়েন করা হয়েছে। ‘হাই এলার্ট’ জারি হওয়ার পর থেকে কলকাতা বিমানবন্দরে দিনভর চিরুনি তল্লাশি চালাচ্ছেন সশস্ত্র জওয়ানরা। শুধুমাত্র বিমানবন্দর চত্বরের অভ্যন্তরে নয়, সংলগ্ন এলাকাতেও স্থানীয় পুলিস প্রশাসন নজরদারি আরও কড়া করেছে। বিমানবন্দরের আশপাশে কোনও ড্রোন, হট এয়ার বেলুন উড়ছে কি না, সেদিকে নজর রাখা হচ্ছে। বিমানবন্দরের মধ্যে যেসব গাড়ি ঢুকছে, সেগুলি খুঁটিয়ে পরীক্ষা করার জন্য রীতিমতো নির্দেশিকা জারি হয়েছে। তাছাড়া, বিমানযাত্রীদের ব্যাগ স্ক্রিনিং করা হচ্ছে অত্যন্ত নিখুঁতভাবে। ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির নির্দেশিকা অনুযায়ী কলকাতার বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করেছে। নতুন করে আরও ক্যামেরা বসানো হয়েছে বিমানবন্দর চত্বরে। এক হাজারের বেশি সিআইএসএফ কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদের ওঠানোর আগে বিমানগুলিতে দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে। কলকাতা বিমানবন্দরে কর্মরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা ছুটিতে ছিলেন, তাঁদের কাজে ফেরত আসার নির্দেশ দেওয়ার পাশাপাশি যাত্রীদের কাছে কর্তৃপক্ষের আবেদন, কোনও ধরনের সন্দেহজনক কিছু দেখলেই তৎক্ষণাৎ যেন সিএসএফকে জানানো হয়। নিরাপত্তা আরও আঁটোসাঁটো হওয়ার কারণে এবং তল্লাশির বহর বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের বিমান ধরবার জন্য হাতে বাড়তি সময় নিয়ে আসতে আবেদন করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ