মুম্বই: ‘কনকাসন সাব’ নিয়ে বিতর্ক থামছে না। পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচে শিবম দুবের পরিবর্তে হর্ষিত রানার নামা নিয়ে সরব হয়েছে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার বিষয়টিকে আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে বিদ্রুপ করেছেন। ঘুরিয়ে বলেছেন যে, ভারত ১২জন ক্রিকেটার নিয়ে খেলেছে শুক্রবারের ম্যাচ। সেই সুরেই গলা মিলিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অফ-স্পিনার নিজের ইউ টিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ বলেছেন, ‘এটা পুরোপুরি ক্রিকেটীয় ভ্রান্তি। আম্পায়ার বা ম্যাচ রেফারি— এর জন্য যিনিই দায়ী হোন না কেন, কাজটা ঠিক হয়নি। শিবমের যথাযথ পরিবর্ত হর্ষিত হতে পারে না। বরং ভারতীয় স্কোয়াডে থাকা রামনদীপ সিংকে নামানো যেত। ও এমন একজন ব্যাটার যে কিনা বলও করতে পারে। ঠিক শিবমের মতোই। কিন্তু হর্ষিত হল পুরোদস্তুর পেসার। এক্ষেত্রে কনকাসন সাব নিয়মের অপপ্রয়োগের শিকার হয়েছে ইংল্যান্ড। কে বলতে পারে, এরপর ভারতকেও এভাবে ভুগতে হবে না?’



