Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তায় হাঁটু-সমান জল, দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীদের

রাস্তাতে এখন প্রায় হাঁটুসমান জল। এই অবস্থায় রাস্তা সংস্কার হবে কী করে? তাই অবস্থার পরিবর্তন চেয়ে এবং রাস্তাটি মেরামত করার দাবি জানিয়ে মঙ্গলবার হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানালেন গ্রামবাসীরা।

রাস্তায় হাঁটু-সমান জল, দ্রুত সংস্কারের দাবি গ্রামবাসীদের
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: রাস্তাতে এখন প্রায় হাঁটুসমান জল। এই অবস্থায় রাস্তা সংস্কার হবে কী করে? তাই অবস্থার পরিবর্তন চেয়ে এবং রাস্তাটি মেরামত করার দাবি জানিয়ে মঙ্গলবার হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ জানালেন গ্রামবাসীরা। ঘটনাটি বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের আটকড়িয়া গ্রামের ১২১ নম্বর বুথ এলাকার। গ্রামবাসীরা জানালেন, দীর্ঘ কয়েক দশক ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কারণ স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক, গর্ভবতী মহিলা বা মুমূর্ষু রোগীদের নিয়ে যেতে হয় এই রাস্তা দিয়েই। তাই রাস্তাটি অবিলম্বে সংস্কার করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। গ্রামবাসীদের আরও অভিযোগ, আগে এই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল। কিন্তু সেই অর্থ রাস্তা সংস্কারের কাজে ব্যবহার হয়নি। কয়েকদিন আগেও শিশুরা স্কুলে যেতে গিয়ে রাস্তার মধ্যে গর্তে পড়ে আহত হয়েছে। এই খারাপ রাস্তার জন্যই রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গেলে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। কাঁধে করে নিয়ে যেতে হয়। পাশাপাশি মাঠের ফসল ঘরে তুলতে অথবা হাটবাজারে নিয়ে যেতে গিয়েই ওই রাস্তার জন্যই সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। বাজারে যেতে গেলে তিন থেকে চার কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয়। এর ফলে একদিকে যেমন অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে ঠিক সময়ে বাজারে পৌঁছানোও যাচ্ছে না। ফলে ফসলের ঠিক দাম কৃষকরা পাচ্ছেন না। সব মিলিয়ে মহা সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ওই রাস্তা সংস্কার করার জন্য এর আগে একাধিকবার কার্জের বর্ণনা দিয়ে সিডিউল বোর্ড টাঙানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রাস্তার কাজ হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা এদিন বিক্ষোভ দেখালেন। এই বিষয়ে বিজেপি নেতা হেমন্ত তপন হালদার  বলেন, তৃণমূল মানেই দুর্নীতি। এখানেও রাস্তা সংস্কারের নামে দুর্নীতি করেছে ওরা। এই সব দুর্নীতির তদন্ত যাতে হয়, প্রশাসনের কাছে সেই অনুরোধ করব আমরা। পাশাপাশি দ্রুত এই রাস্তা যাতে তৈরি করা হয়, সেজন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ