Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেএমডিএ-পুরসভার যৌথ উদ্যোগে নিকাশি ও রাস্তা সংস্কার হবে হাওড়ায়

ভরা বর্ষার আগে শহরে জল জমার সমস্যা এড়াতে নিকাশির সংস্কার এবং ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা।

কেএমডিএ-পুরসভার যৌথ উদ্যোগে  নিকাশি ও রাস্তা সংস্কার হবে হাওড়ায়
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভরা বর্ষার আগে শহরে জল জমার সমস্যা এড়াতে নিকাশির সংস্কার এবং ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে নিকাশিনালা থেকে পলি তোলার কাজ এবং বেহাল রাস্তাগুলিতে কংক্রিট ও পেভার ব্লক বসানোর কাজ জোরকদমে শুরু হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, এতদিন হাওড়া শহরে এই ধরনের কাজ মূলত কেএমডিএ করত। এবার থেকে জরুরি পরিকাঠামোগত কাজে কেএমডিএ’র পাশাপাশি সরাসরি দায়িত্ব নেবে হাওড়া পুরসভাও।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, আপাতত শহরের প্রায় ৪৫টি এলাকায় নিকাশি নালা পরিষ্কারের কাজ চলছে। বর্ষাকালে ভারী বৃষ্টির সময় যাতে নালা উপচে জল না জমে, সে জন্য দ্রুত পলি অপসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাজের জন্য দু’টি নতুন জেট সাকশন মেশিন কেনা হয়েছে। আধুনিক যন্ত্রের সাহায্যে দ্রুত নালা পরিষ্কার করে জল নিকাশির সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে। একইসঙ্গে, বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত ও খানাখন্দে ভরা রাস্তাগুলিকে আপাতত চলাচলের উপযোগী করতে কংক্রিটের ব্লক বসানো হচ্ছে।
পুর কর্তৃপক্ষের দাবি, বর্ষার মধ্যে এই ব্যবস্থা সাময়িক স্বস্তি দেবে। পরে বর্ষা কেটে গেলে দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন রাস্তার স্থায়ী সংস্কার ও নতুন করে ঢালাইয়ের কাজ শুরু করা হবে। উমেশ রাই বলেন, ‘আগে প্রশাসনিক ব্যবস্থায় হাওড়া পুরসভার অধিকাংশ পরিকাঠামোগত কাজ কেএমডিএ’র মাধ্যমে সম্পন্ন হত। বর্তমানে সেই নীতিতে পরিবর্তন আনা হয়েছে। শহরে উন্নয়নমূলক কাজে পুরসভাকে আরও সক্রিয় করে তোলা হচ্ছে।’ নিকাশির সংস্কার ও রাস্তা মেরামতের বর্তমান কর্মসূচি সেই পরিকল্পনারই অংশ বলে তিনি জানান।

Advertisement
সম্পর্কিত সংবাদ