Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কাল সামনে মুম্বই সিটি, চোট সমস্যায় দিশাহারা ইস্ট বেঙ্গল

কাল সামনে মুম্বই সিটি, চোট সমস্যায় দিশাহারা ইস্ট বেঙ্গল
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনুশীলনে গুরুতর চোট পেয়ে মঙ্গলবার চোখের জলে মাঠ ছেড়েছিলেন হিজাজি মাহের। হাঁটুতে স্ক্যানের পর জানা গিয়েছে, জর্ডনের ডিফেন্ডারের সমস্যা গুরুতর। চিকিৎসকদের পরিভাষায় যা এসিএল গ্রেড থ্রি। ফলে বাকি মরশুম থেকে ছিটকে গেলেন তিনি। কারণ তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। পাশাপাশি ক্লেটন সিলভাও পিঠ এবং কুঁচকির চোটে কাবু। মুম্বই ম্যাচ তো বটেই, লিগের বাকি ম্যাচগুলিতে তাঁর খেলা নিয়েও তৈরি হল অনিশ্চয়তা। আগেই দলের একাধিক ফুটবলারের চোটে জেরবার ছিল ইস্ট বেঙ্গল। মাধি তালাল, সাউল ক্রেসপো, নিশু কুমার, আনোয়ার আলি, প্রভাত লাকরা, মার্ক জোথানপুইয়া, মহম্মদ রাকিপের এবার সেই তালিকায় যুক্ত হলেন হিজাজি মাহের ও ক্লেটন সিলভা। সবমিলিয়ে ইস্ট বেঙ্গল এখন মিনি হাসপাতাল। শুক্রবার সামনে মুম্বই সিটি। প্রথম একাদশ সাজাতেই হিমশিম দশা কোচ অস্কার ব্রুজোঁর। বুধবার সল্টলেকের প্র্যাকটিস গ্রাউন্ডে ইস্ট বেঙ্গলের অনুশীলনেও স্প্যানিশ কোচের চোখেমুখে চিন্তার ছাপ স্পষ্ট। এই অবস্থায় ফুটবলারদের উদ্দীপ্ত করতে ভোকাল টনিকেই ভরসা রাখছেন তিনি। ওয়ার্ম আপের পর ডেভিড-বিষ্ণুদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তা স্পষ্ট। হয়তো বলছিলেন, ‘সীমিত শক্তি নিয়েই ইস্ট বেঙ্গলের জার্সির ওজন বুঝিয়ে দেওয়ার গুরুদায়িত্ব তোমাদের কাঁধে। মুম্বইয়ের বিরুদ্ধে সেরাটা উজাড় করে দিতে হবে।’
Advertisement
বর্তমান পরিস্থিতিতে মুম্বই ম্যাচে মাত্র তিন বিদেশি হেক্টর ইউস্তে, দিয়ামানতাকোস ও রিচার্ড সেলিসকেই পাচ্ছেন কোচ ব্রুজোঁ। তার মধ্যে দু’জন আবার হাফ-ফিট। বুধবার সাংবাদিক সম্মেলনে ইস্ট বেঙ্গল কোচ বলছিলেন, ‘একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট দলের জন্য বড় ধাক্কা। প্রায় প্রতি ম্যাচেই ফর্মেশন পরিবর্তন করতে হচ্ছে। প্লেয়ারদের অনভ্যস্ত পজিশনে ব্যবহার করছি। পরিস্থিতি সত্যিই বেগতিক। তবে হাল ছাড়ছি না।’
চলতি ট্রান্সফার উইন্ডোতে আর কোনও নতুন ফুটবলার নেওয়া হবে কিনা, তার সদুত্তর নেই কোচের কাছে। ব্রুজোঁর কথায়, ‘এর জবাব ম্যানেজমেন্টই ভালো দিতে পারবে। এখন ভদ্রস্থ জায়গায় থেকে আইএসএল শেষ করাই লক্ষ্য। তারপর এএফসি এবং সুপার কাপের ম্যাচ নিয়ে ভাবব।’ প্রথম লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পিটার ক্র্যাটকির দলের কাছে  ঘরের মাঠে হেরেছিল লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার মুম্বই এরিনায় তাই ইস্ট বেঙ্গলের কাছে বদলার ম্যাচ। কেরল ব্লাস্টার্সকে গত ম্যাচে হারিয়ে কিছুটা মনোবল ফিরে পেয়েছেন বিষ্ণুরা। কিন্তু হিজাজি ও ক্লেটনের চোটে ফের বেসামাল ব্রুজোঁর দল। এদিন সিচুয়েশন প্র্যাকটিসে রক্ষণে হিজাজির জায়গায় হেক্টর ইউস্তেকে খেলাতে দেখা গেল কোচকে। কার্ড সমস্যায় জিকসন সিংও মুম্বই ম্যাচে নেই। তাই রাইট উইং-ব্যাকে নন্দকুমারকে রেখেছিলেন। আর আক্রমণভাগে দিয়ামানতাকোসের সঙ্গে জুটি বাঁধেন ডেভিড।
কোচের সঙ্গে এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন রিচার্ড সেলিস। ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি বলছিলেন, ‘দলে যোগ দেওয়ার আগে জানতাম না যে, ইস্ট বেঙ্গলের পরিস্থিতি এতটা কঠিন। তবে টিম ম্যানেজমেন্ট ও সতীর্থরা খুবই সাহায্য করছে। পরের ম্যাচে সেরাটা উজাড় করে দেওয়াই লক্ষ্য।’
Advertisement
সম্পর্কিত সংবাদ