


কলম্বো: দ্বিতীয় গ্রুপ থেকে ইতিমধ্যেই সেমি-ফাইনালের টিকিট পাকা করেছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার দৌড়ে পাকিস্তানের থেকে সুবিধাজনক অবস্থায় নিউজিল্যান্ড। শুক্রবার প্রেমাদাসায় সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারালেই শেষ চারে পৌঁছাবেন মিচেল স্যান্টনাররা। অবশ্য হারলেও সুযোগ থাকবে কিউয়িদের। কারণ, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় গ্রুপে দ্বিতীয় স্থানে আছে কিউয়ি-ব্রিগেড। তাদের রান রেট +৩.০৫। আর পাকিস্তান ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে। তাদের রান রেট -০.৪৬১। ফলে শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে মস্ত বড় ব্যবধানে হারাতে হবে সলমন আগাদের। তবে শুক্রবার নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের বিরুদ্ধে জেতে তাহলে পাকিস্তানের আর কোনও আশা থাকবে না। সেই লক্ষ্যে বদ্ধপরিকর মিচেল স্যান্টনাররা। ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ভরসা জোগাচ্ছেন দুই ওপেনার টিম সেফার্ট ও ফিন অ্যালেন। এছাড়া রাচীন রবীন্দ্রও রানের মধ্যে আছেন। ক্যাপ্টেন স্যান্টনারও প্রয়োজনে হাল ধরছেন। ব্ল্যাক ক্যাপসদের বোলিংয়েও গভীরতা রয়েছে। পক্ষান্তরে, ইংল্যান্ডের কাছে এই ম্যাচ নিছকই নিয়মরক্ষার। তবে ছন্দ হারাতে চান না হ্যারি ব্রুকরা। তাই স্যান্টনারদের চ্যালেঞ্জের জন্য তৈরি তাঁরা।
খেলা শুরু সন্ধ্যা ৭টায়। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।