মোহন বাগান-৩ : বি এম এসএ-০
মোহন বাগান-৩ : বি এম এসএ-০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘাম দিয়ে জ্বর ছাড়ল! দুই ম্যাচে হারের পর স্বস্তির জয় মোহন বাগানের। বৃহস্পতিবার মোহন বাগান মাঠে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস অ্যাকাডেমিকে ৩-০ ব্যবধানে বশ মানাল সবুজ-মেরুন ব্রিগেড। সৌজন্যে কিয়ান নাসিরির হ্যাটট্রিক। আর তৃতীয় গোলের পর তাঁর সামারসল্ট মোহন জনতাকে মনে করিয়ে দিল ২০২২’এর ডার্বির কথা। গোয়ায় সেদিন চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে এভাবেই সামারসল্ট দিয়েছিলেন কিয়ান।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। তবে বৃষ্টি মাথায় করেই প্রিয় দলের খেলা দেখতে হাজির সমর্থকরা। এদিন দাপটে জিতে তাঁদের মন ভরিয়েছেন সায়নরা। আলাদা করে উল্লেখ করতে হবে কিয়ানের কথা। জামশিদ পুত্রের থেকে বাগান অনুরাগীদের প্রত্যাশা অনেক। তবে সাম্প্রতিক অতীতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। মাঝে এক বছর চেন্নাইয়ানেও গিয়েও সুবিধা করতে ব্যর্থ। তবে ফের মোহন বাগানে ফিরে আশা জাগাচ্ছেন তিনি। এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর বাবা জামশিদও। ছেলের হ্যাটট্রিক দেখে তাঁর মুখেও হাজার ওয়াটের হাসি। জয়ের সুবাদে টেবিলে তৃতীয় স্থানে উঠে আসায় মোহন জনতাও খুশি (৭ ম্যাচে ১৩ পয়েন্ট)।
ম্যাচে শুরু থেকেই দাপট ছিল মোহন বাগানের। ১৪ মিনিটেই আসে কাঙ্ক্ষিত লিড। সুহেলের বাড়ানো বল থেকে জাল কাঁপান কিয়ান (১-০)। মিনিট পাঁচেক পর ব্যবধান বাড়ানো সুযোগ পেয়েছিলেন সুহেল। কিন্তু তাঁর হেড পোস্টে প্রতিহত হয়। তবে প্রথমার্ধের যোগ সময়ে কিয়ানের ভুল হয়নি। বিভানের পাস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ২৫ বছর বয়সি ফরোয়ার্ড (২-০)। পিছিয়ে পড়ার পর বিধাননগর বিক্ষিপ্ত কয়েকটি সুযোগ তৈরি করেছিল। একটি গোললাইন সেভও করতে হয় বাগান গোলরক্ষককে। দ্বিতীয়ার্ধেও মোহন বাগানের দাপট অব্যাহত ছিল। ৬৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কিয়ান। বাঁ দিক থেকে ওঠে সায়নের নেওয়া শট ঠেকিয়ে দিলেও বিপন্মুক্ত করতে ব্যর্থ বিপক্ষ গোলরক্ষক। ফিরতি বল জালে ঠেলে সামারসল্ট সেলিব্রেশন তরুণতুর্কির (৩-০)। বাকি সময়ে সুযোগ নষ্টের প্রদর্শনী চালায় মোহন বাগান।
এদিকে, বৃহস্পতিবারই শহরে এলেন লালরিনজুয়ালা ছাংতে। মিজো স্নাইপারকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরে প্রচুর সমর্থক হাজির ছিলেন। বিকেলে পানোস ব্রিগেডের অনুশীলনে যোগ দেন ছাংতে।