Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬

‘ভজন ক্লাবিং’য়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কটাক্ষ খাড়্গে-পুত্রর

শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাদ্যযন্ত্র নিয়ে গানের তালে তাল মেলাতেও দেখা যায় তাঁকে

‘ভজন ক্লাবিং’য়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কটাক্ষ খাড়্গে-পুত্রর
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাদ্যযন্ত্র নিয়ে গানের তালে তাল মেলাতেও দেখা যায় তাঁকে। তাই নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ করলেন কর্ণাটকের মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়্গে। ঘটনাচক্রে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে তিনি। এক্স হ্যান্ডলে প্রিয়াঙ্ক লেখেন, ‘ভজন ক্লাবিংয়ে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সময় আছে অথচ নির্বাচন কমিশনের মাধ্যমে গণতন্ত্রকে পিটিয়ে মারার (ক্লাবিং) মতো গুরুতর প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় তাঁর কাছে নেই।’ তাঁর সঙ্গে তিনি যোগ করেন, গত ১৩ বছর ধরে একই ছবি দেখা যাচ্ছে। সরকার যখন কঠিন প্রশ্নের মুখোমুখি হয়, তখন উত্তর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আর পাওয়া যায় না। উত্সবে তাঁকে দেখতে পাওয়া যায় কিন্তু জবাবদিহি করতে গিয়ে তিনি নীরব হয়ে যান। 

Advertisement

এদিকে, প্রিয়াঙ্কের সমালোচনার পরেই পালটা সরব হয়েছে বিজেপি। তাদের অভিযোগ, ভারতের ‘ভজন’ ও  ‘ভক্তি’র ঐতিহ্যকে উপহাস করছেন কংগ্রেস নেতা। পদ্ম শিবিরের মুখপাত্র সি আর কেশবনের বক্তব্য, ‘ভারতীয় সভ্যতার ভজন ও ভক্তি ঐতিহ্যকে কংগ্রেস আবারও উপহাস ও অপমান করল। জুনিয়ার খাড়্গের কাছ থেকে এর চেয়ে ভালো আর কী আশা করা যায়? উনি কি কেবল স্বার্থান্বেষী কংগ্রেসের ‘ফার্স্ট ফ্যামিলি’র গুণগান গাইতেই পারদর্শী? কংগ্রেসের শোচনীয় নির্বাচনি ব্যর্থতার জন্য রাহুল গান্ধীর দায়বদ্ধতা নিয়ে কথা বলা মতো বিন্দুমাত্র সাহস কি জুনিয়ার খাড়্গের আছে?’
দীনদয়াল উপাধ্যায়ের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দপ্তরের উলটোদিকের পার্কে ওই ভজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ