Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬

ইথানল নীতি নিয়ে প্রশ্ন তুলে চিনির দামবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ খাড়্গের

তিন মাসে রকেটের গতিতে বেড়েছে চিনির দাম। পাল্লা দিয়ে কমছে মজুত ভাণ্ডার। এই ইস্যুতে শনিবার মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

ইথানল নীতি নিয়ে প্রশ্ন তুলে চিনির দামবৃদ্ধিতে কেন্দ্রকে তোপ খাড়্গের
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তিন মাসে রকেটের গতিতে বেড়েছে চিনির দাম। পাল্লা দিয়ে কমছে মজুত ভাণ্ডার। এই ইস্যুতে শনিবার মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। প্রশ্ন তুললেন কেন্দ্রের ইথানল নীতি নিয়েও। পরিস্থিতি সামলাতে উৎসবের মরশুমের আগে ভারতকে যেভাবে বহু বছর পর ফের চিনি আমদানির রাস্তায় হাঁটতে হচ্ছে, তা নিয়েও সুর চড়িয়েছেন তিনি। কংগ্রেস সভাপতির ঠেস, ‘মোদি সরকারের গৃহীত নীতিগুলির তিক্ততা মিশেছে চিনির মিষ্টতার সঙ্গে।’

Advertisement

মোদি সরকারের ‘আত্মনির্ভর ভারত’-এর স্লোগানকে খোঁচা দিয়ে এদিন তিনটি প্রশ্ন তুলেছেন খাড়্গে। এক্স হ্যান্ডলে কংগ্রেস সভাপতি লিখেছেন, ‘মোদি সরকারকে সরাসরি তিনটি প্রশ্ন: ১. বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক ও রপ্তানিকারী দেশগুলির অন্যতম ভারত। তা সত্ত্বেও কেন মজুত ভাণ্ডার ৯ বছরের মধ্যে সর্বনিম্ন? রপ্তানি বন্ধ রেখে এখন আমাদের বিনা শুল্কে ১০ লক্ষ টন চিনি আমদানি করতে হচ্ছে। এই অবনমন কেন? ২. তিন মাসে প্রায় ৪০ শতাংশ দাম বেড়েছে চিনির। উৎসবের মরশুমের আগে সাধারণ মানুষের উপর দামের এই বাড়তি বোঝা চাপার জন্য দায়ী কে? ৩. দেশে যখন চিনির ঘাটতি এবং সরকার বিদেশ থেকে আমদানি করছে, তখন ই ২০-এর জন্য ইথানল উৎপাদনে আখ ও শস্যকে কাজে লাগানোর নীতিটি কেন পর্যালোচনা করা হচ্ছে না? এটা কেমন আত্মনির্ভর ভারত?’
কেন্দ্রের ইথানল মিশ্রণ নীতিকে নিশানা করে কংগ্রেস সভাপতি আরও বলেন, ‘প্রথমে চিনির উৎপাদন কমল, তারপর মজুত ভাণ্ডার ৯ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছাল। এখন আমরা বিদেশ থেকে চিনি আমদানিও করছি আবার অন্যদিকে পেট্রলের সঙ্গে মেশানোর জন্য ইথানল তৈরিতে কাজে আখের ভাণ্ডার ব্যবহার করছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ