


নয়াদিল্লি ও বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যু সংবাদ পৌঁছতেই ফুঁসে উঠল কাশ্মীর উপত্যকা। শ্রীনগরের ঘরে ঘরে দেখা মেলে আয়াতোল্লার ছবি। মার্কিন-ইজরায়েলের হামলায় সেই আয়াতোল্লার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না উপত্যকাবাসী। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অনেকেই। বিক্ষোভে শামিল হয়েছেন মহিলারাও। তাঁরা আর্তনাদ করছেন। অনেকের হাতে রয়েছে লাল-কালো পতাকা। মার্কিন বিরোধী স্লোগান উঠেছে। এক বিক্ষোভকারীর কথায়, ‘একজন শহিদের মৃত্যু জাতিকে নবজীবন দান করে।’ ১৫ লক্ষ শিয়া মুসলিমের বাস কাশ্মীরে। লাল চক, সইদা কাদাল, বদগাঁও, বান্দিপোরা, অনন্তনাগ এবং পুলওয়ামায় বিক্ষোভ সর্বাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার আবেদন করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবুদল্লা। রবিবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ইরানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার আবেদন করেছেন তিনি। উত্তেজনা ও অশান্তি যাতে না হয়, তা দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। উপত্যকার সব শিক্ষাপ্রতিষ্ঠান দু’দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
উপত্যকায় শাটডাউনের ডাক দিয়েছে বেশ কিছু শিয়া সংগঠন। খামেনেইয়ের ছবি নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে কাশ্মীরে। খামেনেইকে হত্যার তীব্র নিন্দা করেছেন আগা শৈয়দ রুহুল্লা, ইমরান আনসারি, মসরুর আব্বাসের মতো শিয়া নেতারা। পিডিপি নেতা মেহবুবা মুফতি বলেন, ‘ইরানের মানুষের জন্য প্রার্থনা করি। নৈরাজ্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দিন।’
বিক্ষোভ ছড়িয়েছে উত্তরপ্রদেশেও। রাজধানী লখনউয়ের বড় ইমামবাড়ার সামনে রবিবার জড়ো হন হাজারো মানুষ। মহিলারা খামেনেইয়ের ছবি নিয়ে কাঁদতে থাকেন। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করা হবে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলনা ইয়াসুব আব্বাস। বিক্ষোভ দেখা দিয়েছে পাঞ্জাবের লুধিয়ানাতেও। এদিন ইমাম উসমান রহমানি লুধিনাভির নেতৃত্বে একটি মিছিল বার হয়। খামেনেইয়ের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন উসমান। কর্ণাটকের চিক্কাবাল্লাপুর জেলায় একবার এসেছিলেন খামেনেই। নীরব প্রতিবাদে শামিল হয়েছেন সেখানকার মানুষ। দোকান পাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বেচ্ছায় বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সেখানে প্রয়াত খামেনেইয়ের জন্য তিনদিন শোকপ্রকাশ করা হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।