সংবাদদাতা, উলুবেড়িয়া: কোজাগরী লক্ষ্মীপুজো। ধনদেবীর আরাধনাকে কেন্দ্র করে রবিবার থেকে উৎসবে মাতল হাওড়া জেলার আমতা বিধানসভা এলাকার খালনা গ্রাম। এই গ্রামকে লোকে চেনেন ‘লক্ষ্মী গ্রাম’ হিসাবেই। খালনায় একাধিক পুজো শতাব্দী প্রাচীন। থিম আর সাবেকিয়ানার মেলবন্ধনে নতুন সাজে সেজে উঠেছে খালনা। এখানকার একাধিক থিমপুজো রীতিমতো টেক্কা দেবে জেলার দুর্গাপুজোকে।
খালনার মিতালী সংঘের লক্ষ্মীপুজো এবার ৪৩ তম বর্ষে পদার্পণ করল। তাদের এবারের মণ্ডপ গড়া হয়েছে রাম মন্দিরের আদলে। একতা সংঘ রজতজয়ন্তী বর্ষে তৈরি করেছে কাল্পনিক মন্দির। খালনা আনন্দময়ী তরুণ সংঘের পুজো এবার ১৭ তম বছরে পদার্পণ করেছে। মণ্ডপের পাশাপাশি তাদের অভিনব প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। খালনা কোহিনূর ক্লাবের পুজো এই বছর ১৬০ তম বর্ষে পদার্পণ করল। এই পুজো কমিটির এবারের ভাবনা শিবাঙ্গন। এখানে শিবশক্তিকে তুলে ধরা হয়েছে।
পশ্চিম খালনা রাজবংশীপাড়া বারোয়ারি লক্ষ্মীপুজো এবার ১০৪ তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাদের ভাবনা নট্ট কোম্পানি। যাত্রার মঞ্চের আদলে মণ্ডপ তৈরির পাশাপাশি নটী বিনোদিনী যাত্রাপালার বিভিন্ন কাহিনি তুলে ধরা হয়েছে মণ্ডপে। তবলা, হারমোনিয়াম, বাঁশি, হ্যাজাক, যাত্রাদলের বাক্স-প্যাঁটরা সহ শিল্পীদের পোশাক রাখা হয়েছে মণ্ডপে। ১২৬ তম বর্ষে পদার্পণ করা খালনা কৃষ্ণরায়তলা পুজো কমিটির এবারের ভাবনা কল্পোদ্যান। মণ্ডপটি একটি কাল্পনিক উদ্যানের আদলে তৈরি। এখানে স্বপ্নময় জগতের মাঝে বিরাজ করছেন ধনদেবী। পাশাপাশি খালনা আমরা সবাই, আমরা সকল, মধ্যপাড়া বলাই স্মৃতি মন্দিরের মণ্ডপসজ্জা ও প্রতিমা নজর কেড়েছে। নিজস্ব চিত্র



