নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইস্ট বেঙ্গল গ্যালারির চালু কথা— ‘লাল হলুদ জার্সি কাঁপে না, কাঁপায়।’ যুবভারতীতে অস্কার ব্রিগেডের স্পর্ধার জয়ে তা আবারও প্রমাণিত। বিরতিতে ০-২ গোলে পিছিয়ে পড়ে দল। গ্যালারি ছেড়ে বাড়িমুখো হলেন অনেকেই। মোবাইলও বন্ধ। দ্বিতীয়ার্ধের অবিশ্বাস্য লড়াই মিস করলেন তাঁরা। কোন রসায়ানে বাজিমাত? কোচ অস্কার ব্রুজোর মন্তব্য, ‘হারাবার কিছুই নেই। ফুটবলারদের খোলা মনে খেলতে বলেছিলাম। সব কৃতিত্ব ডেভিডদের।’ ব্রুজোঁ জমানায় আইএসএলে তৃতীয় জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। স্প্যানিশ কোচ আবেগে ভাসতে রাজি নন। বললেন, ‘সুপার সিক্স এখনও অনেক দূর। জামশেদপুর ম্যাচে ফোকাস করতে হবে।’ অস্কার বাস্তববাদী। কুয়াদ্রাতের মতো বুক ঠুকে আবেগে ভাসার বান্দা নন। টিম স্পিরিট তাঁর দলের চাবিকাঠি। এদিন মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন মহেশ। তাঁর মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।
Advertisement
বিষ্ণু, থেকে শৌভিক। লাল-হলুদের আগুনে ফুটবলে অনেকেই নায়ক হওয়ার দাবিদার। তবে সবাইকে ছাপিয়ে গেলেন ডেভিড। সুযোগ পেয়েই বাজিমাত মিজো স্ট্রাইকারের। শরীর ছুড়ে দুরন্ত হেড মনে করালো টপ ফর্মের শিশির বা দীপেন্দুকে। বিশেষজ্ঞদের ধারণা, তাঁর আরও বেশি ম্যাচ টাইম পাওয়া উচিত। বললেন, ‘দু’গোলে পিছিয়ে পড়ে কামব্যাক খুবই কঠিন। বিরতিতে সাহস জোগান কোচ।’



