ব্রিসবেন: ২০২৪ সাল খুব সুখের হয়নি নোভাক জকোভিচের। বছরের চারটি গ্র্যান্ড স্ল্যামের একটিও জিততে পারেননি তিনি। সাফল্য বলতে প্যারিস ওলিম্পিকসে সিঙ্গলসের সোনা। তাই ট্রফির খরা কাটাতে মরিয়া জোকার। ১২ জানুয়ারি শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে ব্রিসবেন ওপেনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সার্বিয়ান মহাতারকা। এই আসর থেকেই নতুন কোচ অ্যান্ডি মারের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন জোকার। প্রাক্তন ইংরেজ তারকার দেখানো পথে সহজেই পেরিয়েছেন প্রথম রাউন্ডের বাধা। ম্যাচ জিতে জকোভিচ বলেন, ‘আমি খেলার ধরন বদলাতে চাই না। তা নিয়ে মারের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আরও কয়েকবার কথা বলতে হবে। তবে বিশেষ অসুবিধা হবে না। কারণ ও আমার খেলার ধরন জানে।’



