Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

কব্জিতে আঘাত পেলেন রাহুল

কব্জিতে আঘাত পেলেন রাহুল
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: ভারতীয় শিবিরে হঠাৎ চোটের ছায়া। শনিবার এমসিজি’তে অনুশীলনের সময় বল লাগে লোকেশ রাহুলের ডান কব্জিতে। সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে তাঁর অস্বস্তি। দৌড়ে আসেন ভারতীয় দলের ফিজিও। চলতে থাকে পরিচর্যা। কোথায় লেগেছে বল তা হাত তুলে খুঁটিয়ে দেখতে থাকেন তিনি। পুরো সময়টা ধরেই অবশ্য রাহুলের বাঁ হাতে ধরা ছিল ব্যাট। তবে এই ঘটনায় চিন্তায় পড়ে যায় শিবির। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম তিন টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে সাবলীল দেখিয়েছে রাহুলকেই। ওপেন করতে নেমে ছয় ইনিংসে ৪৭ গড়ে তাঁর সংগ্রহ ২৩৫ রান। একমাত্র অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডই (৪০৯) এই সিরিজে রাহুলের চেয়ে বেশি রান করেছেন। তাই তাঁকে খেলাতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। আশা করা হচ্ছে যে কব্জির চোট গুরুতর নয়।
Advertisement
এদিকে, ভারত অধিনায়ক রোহিত শর্মা রানে ফিরতে বদ্ধপরিকর। এদিন এমএসজি’তে দীর্ঘ সময় ধরে স্টাম্প লক্ষ্য করে আসা বলের বিরুদ্ধে ব্যাট করলেন তিনি। যতটা সম্ভব শান দিলেন রক্ষণে। নেটে তাঁর ব্যাটিংয়ের সময় দূর থেকে কয়েকজন্য সমর্থক ছক্কা মারার অনুরোগ জানান হিটম্যানকে। শুনতে পেয়ে রোহিত বলেন, কে বললেন দেখি? ‘আপনাদের ছক্কা চাই?’ পরের বলেই অবশ্য সোজা ব্যাটে ডিফেন্স করেন তিনি। বুঝিয়ে দেন যে বক্সিং ডে টেস্টের প্রস্তুতিতে ভারতীয় দল ফোকাস থেকে কোনও ভাবেই সরবে না। 
মেলবোর্নে গরম ক্রমশ বাড়ছে। টেস্টের সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। এই পরিস্থিতিতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই ভারতীয় দলের লক্ষ্য। সিরিজ ১-১ থাকা অবস্থায় মেলবোর্নে ঝাঁপিয়ে পড়তে চাইছে কোচ গৌতম গম্ভীরের ছাত্ররা। তবে অধিনায়কের ফর্ম নিয়েই রয়েছে দুশ্চিন্তা। তিন ইনিংসে রোহিতের মোট সংগ্রহ ১৯। ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে নেমে এলেও রানের সন্ধান পাননি। ফলে তাঁকে ঘিরে সমালোচনার বহর ক্রমশ বেড়েছে। ফের ব্যর্থ হলে যে তা কয়েকগুণ বাড়বে, সেটা জানেন রোহিত।
যশস্বী জয়সওয়াল, শুভমান গিলের ব্যাটেও ধারাবাহিকতার অভাব। সেঞ্চুরির ইনিংস ছাড়া যশস্বী একেবারেই রান পাননি। ছয় ইনিংসে সংগ্রহ ১৯৩। গিল আবার তিন ইনিংস মিলিয়ে করেছেন মোটে ৬০ রান। নেটে লম্বা সময় থাকলেন তাঁরা। যশপ্রীত বুমরাহও ঘাম ঝরালেন দীর্ঘক্ষণ ধরে। মহম্মদ সিরাজ, আকাশ দীপ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণর মতো পেসাররা টানা স্পেল করলেন। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরও পুরোদমে হাত ঘোরালেন নেটে। বিসিসিআই সেই ভিডিও পোস্ট করে লিখেছে, ‘কঠোর পরিশ্রমের কোনও বিকল্প হয় না।’
সম্পর্কিত সংবাদ