Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি কৌস্তভের

বারাকপুর থেকে বরানগর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের আবেদন জানালেন বিধায়ক কৌস্তভ বাগচী। রেলমন্ত্রীকে চিঠিতে উল্লেখিত গুরুত্বপূর্ণ দাবি। বিস্তারিত পড়ুন।

বারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি কৌস্তভের
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ, খড়দহে উড়ালপুল, খড়দহ স্টেশনের নাম পরিবর্তন এবং বারাকপুরে ১৪ নম্বর রেলগেটের উপর উড়ালপুল নির্মাণের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আবেদন জানালেন খড়দহ ও বারাকপুরের বিধায়ক। বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী রেলমন্ত্রীকে চিঠি দিয়ে বরানগর থেকে মেট্রো সম্প্রসারণের দাবি জানান। কীভাবে বি টি রোডের নীচে থাকা পাইপলাইন সরানো যায়, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। খড়দহের বিধায়ক তথা মন্ত্রী  ডঃ কল্যাণ চক্রবর্তী এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে একটি রেল উড়ালপুল তৈরির প্রস্তাব দেন। এই উড়ালপুলের নাম ‘মাতা জাহ্নবা দেবী ফ্লাইওভার’ দেওয়ার জন্যও তিনি চিঠিতে প্রস্তাব করেছেন। 

Advertisement

কেন এই নামকরণ, তার ব্যাখ্যা করতে গিয়ে খড়দহের বিধায়ক বলেন, ‘নিত্যানন্দ প্রভুর সহধর্মীনি জাহ্নবা দেবী সাড়ে ৫০০ বছর আগে বৈষ্ণব সমাজের নেতৃত্ব দিয়েছেন। তাঁর ইতিহাস কখনও তুলে ধরা হয়নি। তাই তাঁর লড়াইকে মানুষের সামনে তুলে ধরতেই উড়ালপুলের নামকরণ তাঁর নামে করার প্রস্তাব দিয়েছি। এছাড়া খড়দহ হল বৈষ্ণবতীর্থ। আমরা চাই মন্দিরকেন্দ্রিক পর্যটন কেন্দ্র হোক এখানে। এর জন্য মডেল স্টেশন হওয়া দরকার। খড়দহ স্টেশনের নাম হোক শ্রীপাট খড়দহ।’ এছাড়াও মানুষের যাতায়াতের কথা মাথায় রেখে টিটাগড়ের দিকে সূর্য সেন নগর ও পশ্চিমপাড়ার মধ্যে একটি আন্ডারপাস তৈরির প্রস্তাব দেন তিনি। এক্সপ্রেস ও মেল ট্রেন খড়দহে দাঁড়ানো, লোকাল ট্রেন বাড়ানোর দাবিও জানিয়েছেন কল্যাণবাবু। 
বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী রেলমন্ত্রীকে চিঠি দিয়ে হকারদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার আবেদন জানান। তাঁদের জন্য পুনর্বাসনের নীতি গ্রহণের অনুরোধ করেছেন তিনি। প্রসঙ্গত, দমদম সহ বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে হকার উচ্ছেদ করা হয়েছে। বারাকপুর সহ বিভিন্ন স্টেশনে হকারদের উচ্ছেদের জন্য নোটিস দেওয়া হয়েছে। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন হকাররা। তাঁদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের দাবি জানালেন বারাকপুরের বিধায়ক। পাশাপাশি তিনি বারাকপুরবাসীর দীর্ঘদিনের দাবি মেনে ভেঙে দেওয়া ফুটওভার ব্রিজ তৈরির নির্মাণের আবেদন করেন রেলমন্ত্রীর কাছে। এছাড়াও ১৪ নম্বর রেলগেটে উড়ালপুল তৈরি, বারাকপুর ও টিটাগড় স্টেশনে বয়স্কদের কথা মাথায় রেখে লিফ্ট বা এসক্যালেটর, ওয়েটিং রুম এবং মডার্ন বাথরুম, টিটাগড় স্টেশন আধুনিকীকরণের দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে বারাকপুর স্টেশন চত্বরে শহিদ মঙ্গল পাণ্ডে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি বসানোর দাবি জানিয়েছেন বারাকপুরের বিধায়ক। 
এদিন নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং কাঁচরাপাড়ায় রেলের একটি কোচ কারখানা স্থাপন এবং শ্যামনগরে রেলওয়ে ওভারব্রিজ নির্মাণের দাবি উত্থাপন করেন। 

সম্পর্কিত সংবাদ