Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবি আটক, কী অভিযোগ বর্ষীয়ান এই নেতার বিরুদ্ধে?

কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আটক হয়েছেন বেআইনিভাবে ত্রাণ মজুতের অভিযোগে। স্থানীয়দের বিক্ষোভও হয়েছে। বিস্তারিত পড়ুন।

কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবি আটক, কী অভিযোগ বর্ষীয়ান এই নেতার বিরুদ্ধে?
  • ২ জুন, ২০২৬ ১৬:০০

সংবাদদাতা, কাটোয়া: কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আটক। যিনি এলাকায় ‘রবি দা’ নামেই বেশি পরিচিত। আজ, মঙ্গলবার স্টেশন বাজার এলাকার তৃণমূলের পার্টি অফিস থেকে আটক করা হয় এলাকার ছ’বারের এই বিধায়ককে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুতের অভিযোগ আনা হয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূলের পার্টি অফিসের কাছে একটি বাড়িতে এই ত্রাণ মজুত করে রাখা হয় বলে অভিযোগ। উল্লেখ্য, বর্ষীয়ান এই নেতা বর্তমানে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি।
পালাবাদলের পরে রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূল নেতা-কর্মীদের। একই দৃশ্য দেখা গেল কাটোয়ায়। এদিন প্রাক্তন বিধায়ক ‘রবি দা’কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। ডিম ছুড়ে মারা হয় তাঁকে। এমনকী বর্ষীয়ান এই নেতাকে হেনস্থার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় পার্টি অফিসে।
একাধিক ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগে গত রবিবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল ও বিশ্বনাথ সাহাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দিগন্ত পাল কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথবাবুর আপ্তসহায়ক ছিলেন। আর প্রাক্তন শিক্ষক বিশ্বনাথ ছিলেন প্রাক্তন বিধায়কের ডান হাত।

সম্পর্কিত সংবাদ