


সংবাদদাতা, উলুবেড়িয়া: জব কার্ড আটকে রাখার পাশাপাশি ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ ও আবাস যোজনা সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে রবিবার আমতা বিধানসভার কাশমলি গ্রাম পঞ্চায়তের প্রধান অঞ্জলি দলুইয়ের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীরা। এদিন তাঁরা ক্ষুব্ধ পঞ্চায়েত প্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি দরজায় তালাও ঝুলিয়ে দেন। পরে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশমলি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে তরুণ দলুইয়ের পরিবার। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তরুণ দলুই প্রধান থাকার পর থেকে তাঁর স্ত্রী অঞ্জলি দলুই প্রধান হন। এই দম্পতির বিরুদ্ধে ১০০ দিনের জব কার্ড নিয়ে দুর্নীতির পাশাপাশি আবাস যোজনায় কাটমানি নেওয়ারও অভিযোগ রয়েছে। অভিযোগ, প্রধান সাধারণ মানুষের জব কার্ড নিজের কাছে আটকে রেখেছিলেন। বেশ কয়েকদিন ধরেই জব কার্ড হোল্ডাররা ওই কার্ডের জন্য পঞ্চয়েত অফিস ও প্রধানের বাড়িতে গেলেও কাজের কাজ কিছু হচ্ছিল না। প্রধান বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। রবিবার সকালে পঞ্চায়েত প্রধানের স্বামী তরুণ দলুইয়ের কাছে কার্ড চাইতে এসেছিলেন সাধারণ গ্রামবাসীরা। এ নিয়ে কথা কাটাকাটি হলে গ্রামবাসীরা তাঁকে তাড়া করেন। সেই সময় তিনি দৌড়ে বাড়িতে ঢুকে পড়েন। পরে ক্ষুব্ধ গ্রামবাসীরা বাড়িতে তালা লাগিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। জানালার কাচ থেকে শুরু করে এসি মেশিন ও সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। পরে জয়পুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী নিজেদের কাছে জব কার্ড ও টাকা আটকে রেখে দিয়েছেন। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য পরিবার পিছু ১০ থেকে ১৫ হাজার টাকা কাটমানি দিতে হয়েছে। অবিলম্বে টাকা ফেরতের পাশাপাশি দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। গ্রামবাসীদের বিক্ষোভ প্রসঙ্গে আমতার বিধায়ক অমিত সামন্ত বলেন, ওদের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে আজ সাধারণ মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ হয়েছে। এটা হওয়ারই ছিল। প্রশাসনের পক্ষ থেকে কমিশন বসানো হবে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বিধায়ক। নিজস্ব চিত্র