Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / হেলথ

ঝুঁকিপূর্ণ পিটিবিডি অস্ত্রোপচারে সাফল্য পেল কল্যাণী মেডিকেল, ক্ষুদ্রান্ত্রের ক্যানসারের জেরে বন্ধ পিত্তনালি

পিত্তনালি বন্ধ হয়ে যাওয়ায় গুরুতর জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন এক রোগী। তাঁর পিত্তনালির বাধা দূর করতে ত্বক ও যকৃতের ভিতর দিয়ে একটি সরু টিউব বা ক্যাথেটার স্থাপন করে সফলভাবেই চিকিৎসা করল কল্যাণীর কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল।

ঝুঁকিপূর্ণ পিটিবিডি অস্ত্রোপচারে সাফল্য পেল কল্যাণী মেডিকেল, ক্ষুদ্রান্ত্রের ক্যানসারের জেরে বন্ধ পিত্তনালি
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: পিত্তনালি বন্ধ হয়ে যাওয়ায় গুরুতর জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন এক রোগী। তাঁর পিত্তনালির বাধা দূর করতে ত্বক ও যকৃতের ভিতর দিয়ে একটি সরু টিউব বা ক্যাথেটার স্থাপন করে সফলভাবেই চিকিৎসা করল কল্যাণীর কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই পদ্ধতিকে বলা হয় পিটিবিডি (পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক বিলিয়ারি ড্রেনেজ)। চিকিৎসকদের দাবি, কলকাতার বাইরে এই ধরনের জটিল ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা বিরল।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শান্তিপুরের বাসিন্দা ৫৪ বছরের জয়ন্তী বিশ্বাস কয়েকদিন আগে হাসপাতালে ভরতি হন। তাঁর পিত্তনালি বন্ধ হয়ে যাওয়ায় রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। তার জেরে তীব্র জন্ডিস এবং জন্ডিসজনিত বিভিন্ন জটিলতা দেখা দেয়। পাশাপাশি দেখা যায়, তাঁর ডিওডেনাম বা ক্ষুদ্রান্ত্রের প্রথম অংশে ক্যানসার হয়েছে। সাধারণত পিত্তনালীর এই ধরনের সমস্যায় এন্ডোস্কোপির মাধ্যমে ইআরসিপি করা হয়। কিন্তু ক্ষুদ্রান্ত্রের ওই অংশে ক্যানসার থাকায় স্বাভাবিক পদ্ধতিতে পিত্তনালি পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না চিকিৎসকরা। এদিকে, রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকায় বিকল্প ও জরুরি চিকিৎসা পদ্ধতি হিসাবে পিটিবিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
রেডিয়ো ডায়াগনোসিস বিভাগের প্রধান ডাঃ রাজু সিংহের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল গত বুধবার বিকালে এই জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করেন। সেখানে রোগীর পেটের ত্বক ও যকৃতের ভিতর দিয়ে পিত্তনালি পর্যন্ত একটি ক্যাথেটার স্থাপন করা হয়। সেই নলের মাধ্যমে পিত্তনালিতে জমে থাকা পিত্ত শরীরের বাইরে একটি ব্যাগে এসে জমা হয়। এর ফলে পিত্তনালির চাপ কমানোর পাশাপাশি জন্ডিসজনিত জটিলতাকে নিয়ন্ত্রণে আনার সুযোগ তৈরি হয়। 
জানা গিয়েছে, বর্তমানে রোগী স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন। ডাঃ রাজু সিংহ বলেন, স্বল্প পরিকাঠামোর মধ্যে এই অস্ত্রোপচার করা হয়েছে। আমাদের মেডিকেল কলেজে এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম। হাসপাতাল কর্তৃপক্ষের আশা, আগামী দিনে এই ধরনের জটিল চিকিৎসা পরিষেবা আরও বিস্তৃত করা সম্ভব হবে। এর ফলে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালের সক্ষমতা আরও বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ