সংবাদদাতা, কল্যাণী: ডাব বিক্রির পাশাপাশি নারকেল উৎপাদন এবং নারকেলজাত পণ্যের শিল্প গড়ে তোলার উপর জোর দিল বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)। মঙ্গলবার বিশ্ব নারকেল দিবস উপলক্ষ্যে কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডিরেক্টর মৃদুলা কে, বিসিকেভির উপাচার্য অধ্যাপক এ কে পাত্র সহ অন্যান্যরা। বিভিন্ন জেলা থেকে আসা নারকেল চাষিদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, শুধু নারকেল ও ডাব বিক্রির মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে নারকেল গাছের বিভিন্ন অংশকে বিশেষ করে ছোবড়াকে ব্যবহার করে ঘর সাজানোর সামগ্রী, মহিলাদের গয়না সহ নানা পণ্য তৈরি করা যেতে পারে। পাশাপাশি নারকেলকে প্রক্রিয়াকরণ করে বিভিন্ন খাবার তৈরি করা যেতে পারে এবং একে কেন্দ্র করে ব্যবসা গড়ে উঠতে পারে। এই কাজে আরও বেশি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।



