


সংবাদদাতা, মালদহ: জেলায় লাগাতার মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য মালদহ পুলিশের। শুক্রবার রাতে মোথাবাড়ি থানার আমলিতলা মাঠ সংলগ্ন এলাকা থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেপ্তার করা হয়েছে কালিয়াচক থানা এলাকার এক বাসিন্দাকে। মোথাবাড়ি এবং কালিয়াচক থানার যৌথ অভিযানে এই সাফল্য বলে জানিয়েছে পুলিশ।
মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলার মাদক ব্যবসা প্রবণ এলাকাগুলি থেকে কারবারিদের তথ্য এবং গতিবিধি সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পেতে একটি বিশেষ কিউ আর কোড ছড়িয়ে দিয়েছিল পুলিশ। তাতে আরও বেশি করে নির্ভরযোগ্য তথ্য এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। ফলে পরপর মাদক বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্যও আসছে।
এমনই এক তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে দুই থানার পুলিশ হানা দেয় মোথাবাড়ির আমলিতলা এলাকায়। সেখানে জড়ো হয়েছিল বেশকিছু মাদক কারবারি। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন অন্ধকারের সুযোগে পালিয়ে গেলেও ধরা পড়ে যায় কালিয়াচক থানার কিসমতপুরের বাসিন্দা কায়ুম শেখ। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ৪ কেজি ৬৫৯ গ্রাম মাদক সহ একটি কন্টেইনার। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, কালিয়াচক থানার নির্দিষ্ট কিছু এলাকায় মাদক চক্রের রমরমা চলছিল। গত তিন মাসে পুলিশের লাগাতার অভিযানে কোণঠাসা ওই মাদক কারবারিদের অনেকেই গ্রেপ্তার হয়েছে। অন্য একটি অংশ মাদক ব্যবসা চালিয়ে যেতে সংলগ্ন বিভিন্ন এলাকার আমবাগান বা লিচু বাগানে কারবার চালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু পুলিশের বিশেষ কিউ আর কোডের সাহায্য নিয়ে নিজেদের নাম ও পরিচয় গোপন রেখে অনেক সুস্থ মানসিকতার বাসিন্দা মাদক কারবারিদের গতিবিধি আমাদের জানিয়ে দিচ্ছেন।
একই সঙ্গে আমাদের তাঁরা ফোন কিংবা অন্যান্য মাধ্যমেও মাদক কারবারিদের তথ্য জানাচ্ছেন। পুলিশের নিজস্ব নেটওয়ার্ক তো আছেই। সব মিলিয়ে পুলিশ এবং নাগরিকদের যৌথ প্রয়াসে মাদক বিরোধী অভিযানগুলি সফল হচ্ছে। পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, গত কয়েক মাসে মালদহের বিভিন্ন থানা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৮০ কেজিরও বেশি মাদক। গ্রেপ্তার করা হয়েছে মাদক তৈরি, পাচার এবং বিতরণ চক্রের কুখ্যাত পাণ্ডাদের বেশ কয়েকজন সহ প্রায় ১৩০ জনকে। মালদহের বিভিন্ন এলাকা তো বটেই এমনকী কলকাতার নিউ টাউন কিংবা গোয়ার ডাবোলিম বিমান বন্দর থেকেও জেলা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয়েছে কয়েকজন মাদক পাচারের চাঁই।