নিজস্ব প্রতিনিধি, বারাসত: এনসিপিআইতে যোগ দেওয়ার পর শুক্রবার প্রথম কর্মসূচিতে যোগ দিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। মমতাপন্থী তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে কাকলির দাবি, গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ মাঠের বাইরে বল পাঠিয়ে সেই খেলারই ইতি টেনে দিয়েছেন। সেইসঙ্গে দলত্যাগ বিরোধী নোটিস নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। জানা গিয়েছে, রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে শুক্রবার বারাসত জেলা পরিষদের প্রেক্ষাগৃহে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন কাকলি। সাংসদের কথায়, গত ৪০ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী ছিলেন। কিন্তু এখন তাঁর অধঃপতন হয়েছে। গত পাঁচ-সাত বছর ধরে তাঁর ব্যবহারে আমি মর্মাহত। সেকারণেই দলত্যাগ করেছি। এদিকে, এদিন কলকাতায় রানি রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলত্যাগীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনিয়ে কাকলি বলেন, বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা স্বেচ্ছায় দল ছেড়েছি। আবার দলে ফেরার জন্য আবেদনের প্রশ্নই ওঠে না। দলত্যাগ নিয়ে আইনি নোটিস নিয়ে সাংসদ বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। লোকসভার স্পিকারের নির্দেশ অনুযায়ী নোটিসের জবাব নির্দিষ্ট সময়ের মধ্যেই দেব।



