


সংবাদদাতা, খাতড়া: ছাব্বিশের নির্বাচনে টিকিট না পেলেও নতুন প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিজেপিকে রুখে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের বিদায়ী মন্ত্রী জোৎস্না মাণ্ডি। বুধবার রানিবাঁধ বাজারে তিনি রানিবাঁধের তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাকে সঙ্গে নিয়ে মানুষের কাছে যান। লক্ষ্য রানিবাঁধ বিধানসভা নিজেদের দখলে রাখা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দলের রানিবাঁধ বিধানসভার কো-অর্ডিনেটর রাজকুমার সিংহ, ব্লক সভাপতি উত্তম কুম্ভকার, সহ তৃণমূল নেত্রী শম্পা পণ্ডিত। পাশাপাশি একই দিনে রাইপুরের তৃণমূল প্রার্থী ঠাকুরমণি সোরেনও তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু নিজেদের কেন্দ্রে নানা কর্মসূচিতে অংশ নেন। বিরোধী দলের প্রার্থীরাও এদিন প্রচার ও রণকৌশলে ব্যস্ত ছিলেন।
রানিবাঁধ বিধানসভা থেকে গত দু’বারের তৃণমূলের বিধায়ক ছিলেন জোৎস্না মাণ্ডি। পরে তিনি রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীও হন। কিন্তু, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল তাঁকে টিকিট দেয়নি। মঙ্গলবার রানিবাঁধ বিধানসভার প্রার্থী হিসাবে নতুন মুখ তনুশ্রী হাঁসদার নাম ঘোষণা হতেই গুঞ্জন শুরু হয়। তবে সেই গুঞ্জনে জল ঢেলে দলের নতুন প্রার্থীকে সঙ্গে নিয়ে রানিবাঁধ বাজারের কালীতলা থেকে ট্রেকার স্ট্যান্ড পর্যন্ত হেঁটে জনসংযোগ সারলেন জোৎস্নাদেবী। রানিবাঁধের তৃণমূল প্রার্থী বলেন, আমি জয় নিয়ে অত্যন্ত আশাবাদী। রানিবাঁধ বিধানসভা থেকে তৃণমূলের জয়ের ঝান্ডা ওড়াব। জোৎস্নাদেবী বলেন, কেউ কোনোদিন একই জায়গায় থাকে না। দল যাঁকে যোগ্য মনে করে, তাঁকেই প্রার্থী করে। আমি দলের সঙ্গে দীর্ঘসময় ধরে আছি। ভবিষ্যতেও থাকব। বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ হবে না। আমার দৃঢ় বিশ্বাস, তনুশ্রী ও আমি মিলে বিজেপিকে রুখে দেব। রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু বলেন, এদিন খাতড়ায় সাংগঠনিক বৈঠক ও অম্বিকানগরে জনসংযোগ কর্মসূচি সেরেছি। তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত রয়েছে। ভোটের ফলাফলে তা পরিষ্কার হয়ে যাবে।
তালডাংরার তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তাঁর নিজের কেন্দ্রের লক্ষ্মীসাগর এলাকার রঙ্কিনী মায়ের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনি প্রচারে নামেন। লক্ষ্মীসাগর বাজার এলাকায় জনসংযোগ সারেন। পরে বিধায়ক কার্যালয়ে সিমলাপাল ব্লকের অঞ্চল নেতৃত্বকে নিয়ে নির্বাচনি আলোচনা সারেন। সন্ধ্যায় ব্রজরাজপুরে নেতৃত্বের সঙ্গে আলোচনা সহ জনসংযোগ সারেন। তালডাংরার বিজেপি প্রার্থী সৌভিক পাত্র এদিন মণ্ডলের নেতাদের সঙ্গে আলোচনা সারেন। পরে তালডাংরা মণ্ডল-২ এলাকার রাধামোহনপুরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন। তালডাংরার সিপিএম প্রার্থী দেবকান্তি মহান্তি বলেন, এদিন সকালে আমরা সিমলাপালের লক্ষ্মীসাগর অঞ্চলের খড়িকা গ্রামে বাড়ি বাড়ি প্রচার করি। বিকালে পার্শ্বলায় বাড়ি বাড়ি ও বাজারে প্রচার করেছি।
বুধবার রাইপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ঠাকুরমণি সোরেন রাইপুর বিধানসভার গোয়ালডাঙা এলাকার শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। পি মোড়ে মিছিল হয়। পরে ওই কেন্দ্রের প্রাক্তন ও বিদায়ী বিধায়ক এবং রাইপুর ব্লক সভাপতির সঙ্গে দেখা করেন। সন্ধ্যায় সারেঙ্গার গড়গড়িয়ায় জনসংযোগে অংশ নেন। এখানকার বিজেপি প্রার্থী ক্ষেত্রমোহন হাঁসদা বলেন, মনোনয়নের জন্য অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম। বৃহস্পতিবার থেকে প্রচারে নামব।